কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার গত নয় বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে এ বছর কমেছে জিপিএ-৫ ও শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা।
তবে আগের মতো এবারও মেয়েরা ভালো ফল করেছেন। শূন্য ভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার জানানো হয়, ২০১৫ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ১ হাজার ৮০ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হন ৫৯ হাজার ৭৭৮ জন। পাসের হার ৫৯ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে ছেলে ৫৯ দশমিক ৩১ শতাংশ ও মেয়ে ৬০ দশমিক ২৬ শতাংশ। বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ২৫৪ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হন ১০ হাজার ৫৭৯ জন। পাসের হার ৭৪ দশমিক ৯১ শতাংশ। তাঁদের ৭৩ দশমিক ৮৩ শতাংশ ছেলে, ৭৬ দশমিক ৪৭ শতাংশ মেয়ে। মানবিকে ৪১ হাজার ১৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ২০ হাজার ৯০৮ জন। পাসের হার ৫১ দশমিক ৩৯ শতাংশ। ছেলেদের পাসের হার ৫০ দশমিক শূন্য ৩, মেয়েদের ৫২ দশমিক ১০ শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখায় ৪৫ হাজার ৬৩২ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন ২৮ হাজার ২৯১ জন। পাসের হার ৬২ দশমিক ৬৪ শতাংশ। তাঁদের ৫৯ দশমিক ৬১ শতাংশ ছেলে, ৬৬ দশমিক ৮৪ শতাংশ মেয়ে।
এই বোর্ডে এ বছর ১ হাজার ৪৫২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছেলে ৭৫৪ ও মেয়ে ৬৯৮ জন। বিজ্ঞান বিভাগে ১ হাজার ২৩৫ জন, মানবিকে ৭৭ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ১৪০ জন জিপিএ-৫ পেয়েছেন।
বোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী জানান, গতবারের চেয়ে পাসের হার কমেছে ১০ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ কমেছে ১ হাজার ১৪৮টি। ২০১৪ সালের এই বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৬০০ জন। গত বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল আটটি।
শতভাগ পাস করা পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানই কুমিল্লা জেলার: কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন। এর পাঁচটিই কুমিল্লা জেলার। প্রতিষ্ঠানগুলো হলো কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা উচ্চবিদ্যালয় ও কলেজ, চৌদ্দগ্রাম উপজেলার ধর্মপুর নাজিমউদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজ, বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ এবং চান্দিনা উপজেলার মাধাইয়া কলাগাঁও কলেজ।
আইসিটি ও ইংরেজিতে অকৃতকার্য ২৪ হাজার পরীক্ষার্থী: এ বোর্ডে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে ২৩ হাজার ৮০৫ জন। এই দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সার্বিক ফল খারাপ হয়েছে বলে বোর্ডের কর্মকর্তারা মনে করছেন।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী বলেন, ‘রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও অস্থিরতা, শিক্ষাঙ্গনের পরিবেশ, সরকারের পাসের হার বাড়ানোর চেষ্টার কারণে সার্বিকভাবে ফল বিপর্যয় হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ পাওয়াটা কারও ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে না। এটা শিক্ষার্থীদের মেধাকে শাণিত করার ওপর নির্ভর করে। কুমিল্লা বোর্ড গত এক বছরে শিক্ষার মানোন্নয়ন নিয়ে কোনো ধরনের মতবিনিময় করেনি। জেলা শিক্ষা মানোন্নয়ন মনিটরিং সেল ও বোর্ড মিলে নজরদারি বাড়ালে মানটা বাড়ত। শিক্ষকেরা শিক্ষকতার পদবি ব্যবহার করে অন্য ব্যবসায় জড়িয়ে পড়েছেন। এতে করে শ্রেণিকক্ষে পাঠদান পোক্ত হচ্ছে না। সর্বত্রই নৈরাজ্য বিরাজ করায় দিন দিন পড়াশোনা ও ফল খারাপ হচ্ছে।’
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ইংরেজিতে ফল বিপর্যয় হওয়ায় এমন অবস্থা হয়েছে। বোর্ডের এবারের ফলাফলে আমি সন্তুষ্ট নই। ফল খারাপ করার আর যদি কোনো কারণ থাকে, তা খতিয়ে দেখা হবে।’