
মিডটার্ম, অ্যাসাইনমেন্ট কিংবা কুইজগুলো এই দিন বিশ্ববিদ্যালয়ে পা রাখার সময় ঘাড়ের কাছে নিশ্বাস ফেলেনি! সব ভুলে শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন নববর্ষকে স্বাগত জানানোর উৎসবে।
বেলা ১১টায় শোভাযাত্রার মধ্য দিয়ে হয়েছিল শুরু। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আতিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ গৌড় গোবিন্দ গোস্বামী শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় শিক্ষার্থী নেচেছেন, চিৎকার করেছেন যে যাঁর ইচ্ছেমতো। এ সময় তাঁদের হাতে ছিল নানা রঙের ফেস্টুন।
‘আইল আইল আইলরে’, ‘এসো হে বৈশাখ’সহ প্রিয় সব বৈশাখের গানে শিক্ষার্থীরা বরণ করে নিয়েছেন নতুন বছরকে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকেরাও মঞ্চে পরিবেশনায় অংশ নিয়েছেন। এ ছাড়া বরাবরের মতো বাউলগান তো ছিলই।
দিনভর মঞ্চ মাতিয়ে রেখেছে ক্যাম্পাসের পরিচিত ব্যান্ডগুলো। শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠেছে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস! ক্যাম্পাসে উৎসব এক দিনের, তবে এই কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল বহু আগেই। রাত জেগে সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা প্লাজায় বিশাল আলপনা এঁকেছেন। তৈরি করেছেন ব্যানার, ফেস্টুন আর বিশালাকৃতির চারুকর্ম। সংগঠনটির প্রেসিডেন্ট স্বাধীন বলেন, ‘আমাদের সংগঠন সব সময় বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করে। পয়লা বৈশাখ, বসন্ত উৎসবের মতো অনুষ্ঠানগুলোর জন্য শিক্ষার্থীরা সারা বছর অপেক্ষায় থাকে।’