জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৬৯ পরীক্ষা পরামর্শ
নিজেই নিজের মডেল টেস্ট নাও

সামনেই তোমার জেএসসি পরীক্ষা। এই সময়টাতে একটি রিভিশন রুটিন তৈরি করো। যে চ্যাপ্টারগুলো এখনো আয়ত্তে আসেনি, সেগুলো আগাগোড়া পড়ো ও লিখে অনুশীলন করো। বিশেষ করে নিজেই নিজের মডেল টেস্ট নাও। টেস্ট অবশ্যই সময় ধরে নিতে হবে। এরপর নিজেই নিজের পরীক্ষাপত্র মূল্যায়ন করবে পুঙ্খানুপুঙ্খভাবে এবং সেমতে ত্রুটি-বিচ্যুতিগুলো আলাদাভাবে নোট করে নাও। সেগুলো শোধরানোর জন্য বারবার পড়ো ও লেখো। এতে নিজেই উপলব্ধি করতে পারবে যে পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি ভালো। এতে আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর এই আত্মবিশ্বাসই তোমাকে শতভাগ সঠিক উত্তর দিতে বিরাট ভূমিকা রাখবে।
আর একটি বিষয়, তোমার পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে। ফলে প্রতিটি বিষয় সৃজনশীল বা ব্যাখ্যামূলক ও বহুনির্বাচনি অংশে পরীক্ষা হয়ে থাকে। বহুনির্বাচনিতে অবশ্যই জোর দেবে।
সৃজনশীল ও বহুনির্বাচনি অংশে ভালো করতে হলে বিষয়টি অবশ্যই ভালোভাবে জানতে হবে। কোনো অংশ বা অধ্যায় বাদ দিয়ে পড়বে না। এতে জানার পরিধি কমে যাবে এবং পরীক্ষার ওপর প্রভাব পড়তে পারে। গণিতও সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা হবে। তাই এ বিষয়ে ভয় পাবে না। সারা বছর যেভাবে অনুশীলন করেছ, ঠিক সেভাবেই বাকি সময়টা অনুশীলন করবে।
একটা কথা মনে রেখো, যা পড়েছ, তা-ই ভালো করে রিভিশন দাও। তবেই ভালো করতে পারবে। মনে আত্মবিশ্বাস রেখো।
ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন
অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা