নিজেদের মূল্যায়নে মাত্র ৮ শতাংশ মাধ্যমিক বিদ্যালয় দুর্বল
নিজেদের করা এক মূল্যায়নে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রায় ৯২ শতাংশ নিজেদের অতি উত্তম বা ভালো বা মধ্যম মানের হিসেবে দাবি করেছে। মাত্র ৮ শতাংশ বিদ্যালয় নিজেদের দুর্বল বা অকার্যকর হিসেবে উল্লেখ করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উদ্যোগে করা ‘মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক স্ব-মূল্যায়ন (আইএসএএস) ’ নামের এই মূল্যায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২০১৫ সালে করা এই প্রতিবেদনটি প্রকাশ ও এ নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রতিবেদনের তথ্য তুলে ধরেন মাউশির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
২০১১ সাল থেকে মাউশি এ ধরনের মূল্যায়ন করে আসছে। তবে নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এ নিয়ে সমালোচনা রয়েছে। তাঁরা বলে আসছেন এই মূল্যায়নে প্রকৃত তথ্য উঠে আসে না। এরপরও প্রতি বছর মাউশি প্রচুর টাকা খরচ করে এভাবে মূল্যায়ন চলছে।
কর্মশালায় জানানো হয়, ২০১৫ সালে সারা দেশের ১৮ হাজার ৩৮৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ওপর মূল্যায়নটি করা হয়। এতে ‘এ’ (অতি উত্তম) শ্রেণির বিদ্যালয় এক হাজার ৩৪৫ টি, ‘বি’ (ভালো) শ্রেণির বিদ্যালয় নয় হাজার ১৬৭ টি, ‘সি’ (মধ্যম বা মোটামুটি ভালো) শ্রেণির ছয় হাজার ৩৭৮ টি, ‘ডি’ (দুর্বল) শ্রেণির এক হাজার ৪৪০টি এবং ৫৫টি ‘ই’ (অকার্যকর) শ্রেণির। সাতটি নির্দেশক ও ৪৫টি উপনির্দেকের (ভৌত অবকাঠামো, প্রধান শিক্ষকদের নেতৃত্ব, শিক্ষকদের পেশাদারত্ব, শিক্ষার্থীর কৃতিত্ব, সুপেয় পানি, টয়লেট সুবিধা, সহশিক্ষা ইত্যাদি) ভিত্তিতে এই মূল্যায়নটি করা হয়।