নিজের ওপর বিশ্বাস রেখো
তোমরা যারা প্রাথমিক সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা কত আত্মবিশ্বাসী, কতই না তোমরা জানো। তোমাদের যারা বাড়ি থেকে অনেকটা পথ হেঁটে অথবা নৌকায় নদী পার হয়ে স্কুলে যাও, তোমাদের নিষ্ঠা আর ধৈর্য দেখে আমি অবাক হই। পড়াশোনাটাকে তোমরা ভালোবাস, স্কুলে আনন্দ খুঁজে পাও। তোমরা যারা শহরে থাকো, কোনো খেলার মাঠ নেই, যেখানে খেলতে পারো; বাসা থেকে বের হতেও পারো না। তোমাদের জন্য স্কুলটাই একমাত্র আনন্দের জায়গা। মনে আছে, বেশ কয়েক বছর আগে এক ঝড়-জলের সকালে আমি একটা গাড়িতে করে যাচ্ছিলাম হবিগঞ্জের বাহুবলের মহাসড়ক দিয়ে। কয়েকটি ছোট মেয়ে একটা গাছের নিচে কোনোক্রমে বৃষ্টি বাঁচিয়ে দাঁড়িয়ে আছে দেখে তাদের গাড়িতে করে স্কুলে পৌঁছে দিয়েছিলাম। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, এই ঝড়-বাদলায় কেন ঘরের বাইরে বেরিয়েছ? একজন আমাকে পাল্টা প্রশ্ন করেছিল, আপনি কেন বেরিয়েছেন? কী স্পষ্ট মেয়েটির কথা! তাই তো, ঝড় নামুক, বৃষ্টি ঝরুক, স্কুলে তাদের যেতেই হবে। তোমরা তো সবাই ওই মেয়েটির মতো। পরীক্ষাটা তোমাদের পড়াশোনার একটা অংশ।আমি যখন ক্লাস ফোরে পড়ি, আমার এক স্যার ছিলেন, যিনি বলতেন, পড়াটা মনে রাখার বিষয়, মুখস্থ করার বিষয় নয়। আমরা বলতাম, স্যার, মুখস্থ তো করি মনে রাখার জন্য। স্যার হেসে বলতেন, মুখস্থ করা মানে ভুলে যাওয়া। আর মনে রাখার জন্য মুখস্থ করতে যে সময় ও পরিশ্রম করতে হয়, সেই সময় ও পরিশ্রম পড়াটা মনে রাখার জন্য, বোঝার জন্য খরচ করলে আইনস্টাইন হওয়া যায়। স্যার উদাহরণ দিতেন। আমাদের সময় খাতা-কলমের অনেক দাম ছিল, সেগুলো থাকত খুব কম ছেলেমেয়ের হাতে। সবচেয়ে বেশি চলত স্লেট। স্লেটে একবার লিখে তা মুছে ফেলে আবার লিখতে হতো। স্যার স্লেটে হয়তো একটা অঙ্ক করালেন অথবা একটা বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ। তারপর তিনি আমাদের সেটা বোঝাতেন এবং মনে রাখতে বলতেন। সেটি মুছে ফেললেও দেখা গেল দিব্যি তা আমাদের মনে আছে। স্যারের কথাটা আমি আজীবন মেনে চলেছি। আমি কখনো কিছু মুখস্থ করিনি, শুধু বুঝে-শুনে মনে রেখেছি। তাতেই কাজ হয়েছে। তোমরা যারা পড়া মুখস্থ করছ, করো। কিন্তু বুঝে-শুনে দেখো তো, আরও ভালো মনে থাকে কি না? আমার এক বন্ধু তিনটা দেশের রাজধানীর নাম কষে মুখস্থ করল। চার দিন পর সেগুলো বেমালুম ভুলে গেল। আমার আরেক বন্ধু এটলাস দেখে বুঝে-শুনে মনে রাখল। এখনো দেখা হলে সে হেসে বলে, মাদাগাস্কারের রাজধানী টানানারিভ।এবার আসব শেষ কথায়। পরীক্ষার কথা মনে এলে কেউ ভয় পাবে না। নিজের ওপর বিশ্বাস রাখো, আমিও পারব। নিজের ওপর বিশ্বাস না থাকলে জানা জিনিসও মানুষ ভুলে যায়। মনে রেখো, তোমরা সবই পারো। আমরা তোমাদের সময় যা জানতাম, তোমরা তার চেয়ে অনেক বেশি জানো। এ জন্য তোমাদের আত্মবিশ্বাস না থাকার কোনো কারণ নেই। ইংরেজিতে একটি মন্ত্র আছে, যা পশ্চিমা বিশ্বের ছেলেমেয়েরা কাগজে লিখে পড়ার টেবিলের সামনে দেয়ালে লাগিয়ে রাখে এবং তা হলো ‘Can do’ অর্থাৎ আমি পারি।পরীক্ষা জীবনে অনেক দিতে হবে তোমাদের। সে জন্য শুরুর এই পরীক্ষা থেকেই Can do-এর চর্চা শুরু করো। তার পর দেখবে একের পর এক সব পরীক্ষাতেই দারুণ ভালো করছ। আর খুব বেশি সিরিয়াস হইয়ো না। মনে ফুর্তি রেখো। ঠিকমতো খাওয়াদাওয়া কোরো। রাতে নাক ডেকে ঘুমাও। ফুরফুরে মেজাজ নিয়ে পরীক্ষা দিতে যাও। যদি কোনো প্রশ্ন ‘কমন’ না পড়ে, দমে যেয়ো না। ভেবেচিন্তে যতটুকু পারো, সুন্দর করে লিখে দিয়ো। ব্যস। দেখবে সাফল্য তোমার পায়ের কাছে পোষা বিড়ালটার মতো বসে আছে। তোমাদের জন্য রইল শুভেচ্ছা আর ভালোবাসা। কথাসাহিত্যিক ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়