বয়ঃসিন্ধকালে ছেলেমেয়েদের মনোজগতে ঘটে নানা পরিবর্তন৷ মনস্তাত্ত্বিক বিভিন্ন সমস্যাও দেখা যায়৷ ‘অধুনা’র গত সংখ্যায় ছাপা হয়েছিল অল্প বয়সীদের মনস্তত্ত্ব নিয়ে বিশেষজ্ঞ লেখা ও কয়েকটি মত৷ এ বিষয়ে পাঠকদের কাছ থেকে মতামত লিখে পাঠাতে বলা হয়েছিল৷ সেসবের কয়েকটি এখানে প্রকাশ করা হলো৷
আমি একজন চাকিরজীবী মা, দিনের ১২ ঘণ্টা বাসায় থাকি না। আমার মেয়ের বয়স ছয় বছর আর ছেলের আড়াই বছর। আমার সন্তানদের দেখভাল করার জন্য একজন কাজের লোক আছে। আমি কখনো বাইরের টিফিন বাচ্চাকে দিই না৷ আমি নিজে বানানোর চেষ্টা করি। আমি নিজে পড়াই এবং সেই সময়ে আমি মেয়ের সঙ্গে নানা বিষয় নিয়ে গল্প করি। সারা দিন অফিসে কী হলো, সেই গল্প ওদের শোনাই। এতে ওরা বাস্তব সম্পর্কে জ্ঞান পাবে।
আমি নিয়মিত ফোনে ওদের সঙ্গে যোগাযোগ করি। আমি কাউকে কোনো উপহার দিতে হলে সন্তানদের হাত দিয়ে দেওয়াই, যাতে ওরা বুঝতে পারে উপহার দেওয়া কত আনন্দের। মেয়েকে একটি ‘স্টার বুক’ তৈরি করে দিয়েছি। এতে নিজের ভালো-মন্দ বিচার করতে পারে। ভালো কাজ করলে নিজেই সেখানে স্টার দেবে।