নিয়ম ভেঙে ক্যাডারভুক্ত টিটিসির ৯২ শিক্ষক, সংশোধন চায় মাউশি
নিয়ম ভেঙে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া দেশের ১১টি সরকারি শিক্ষক প্রশিক্ষণ (টিটিসি) কলেজের ৯২ জন শিক্ষককে সরাসরি বিসিএস ক্যাডারভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মতামত উপেক্ষা করে ‘বিধিবহির্ভূত’ এই সিদ্ধান্ত নেওয়ায় তা সংশোধন করতে মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে মাউশি।
বিষয়টি নিয়ে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এ বিষয়ে শিক্ষাসচিবকে লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, বিষয়টি এখন পর্যালোচনা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই সিদ্ধান্তের ফলে জটিলতার সৃষ্টি হয়েছে। এ জন্য পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমরা যেভাবে প্রস্তাব করেছিলাম, সেভাবে হয়নি। এটা বিধি অনুযায়ী হয়নি। এ জন্য সংশোধনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি।’
শিক্ষা মন্ত্রণালয় গত ২৬ জুন এক প্রজ্ঞাপনে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া টিটিসির ছয়জন সহকারী অধ্যাপক ও ৮৬ জন প্রভাষককে বিসিএস নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রথম শ্রেণির পদে স্থায়ীকরণ করে। এতে বলা হয়, যোগদানের তারিখ থেকে তাঁদের স্থায়ীকরণ করা হলো।
শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১৯৯৫ সালে শুরু হওয়া ‘মাধ্যমিক শিক্ষা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় অস্থায়ী ভিত্তিতে এসব শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছিল। ১৯৯৫ সাল ও এর কয়েক বছরের মধ্যে তাঁরা নিয়োগ পান। ওই নিয়োগের প্রথম শর্ত ছিল, এই চাকরি সম্পূর্ণ অস্থায়ী, বদলিযোগ্য ও চাকরির মেয়াদ প্রকল্প সমাপ্তির সঙ্গে সঙ্গে শেষ হবে। তবে নিয়োগকারী কর্তৃপক্ষ তাঁদের চাকরি যত দিন বহাল রাখতে চায়, তত দিন রাখতে পারবে।
কিন্তু প্রকল্প শেষে ২০০০ সালে তাঁদের চাকরি পদ সৃষ্টি করে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। পরে ২০১২ সালের এপ্রিল মাসে তাঁদের চাকরি নিয়মিত করা হয়। এখন তাঁদের সরাসরি বিসিএস ক্যাডারভুক্ত করা হলো। এতে বলা হয়েছে, বিসিএস নিয়োগ বিধিমালা ১৯৮১-এর বিধি ৭(১) ও (২) মোতাবেক প্রথম শ্রেণির পদে যোগদানের তারিখ থেকে স্থায়ী করা হলো।
মাউশির একাধিক কর্মকর্তা ও বিসিএস শিক্ষা ক্যাডারের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিধিমালা অনুযায়ী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ক্যাডারভুক্ত কর্মকর্তারা নিয়োগ পান। এরপর চাকরি স্থায়ীকরণের শর্ত হিসেবে কমপক্ষে চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণ এবং ৩০০ নম্বরের বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে, যা এসব শিক্ষক পূরণ করেননি। শুধু তা-ই নয়, এসব শিক্ষক শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন। অথচ এখন তাঁরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অনেক কর্মকর্তার চেয়ে জ্যেষ্ঠ হয়ে যাবেন। কারণ বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এটি কার্যকর হবে। মন্ত্রণালয়ের দুজন পদস্থ কর্মকর্তা বলেন, প্রকল্পে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিসিএসভুক্ত করার সুযোগ নেই।
রাজধানীর একটি কলেজে কর্মরত একজন সহকারী অধ্যাপক বলেন, মন্ত্রণালয়ের এই অনিয়মের কারণে শত শত শিক্ষক জ্যেষ্ঠতা লঙ্ঘনের শিকার হবেন। নিজের উদাহরণ দিয়ে এই শিক্ষক বলেন, ‘আমি ১৯৯৮ সালে চাকরিতে যোগ দিয়ে এখন সহকারী অধ্যাপক। কিন্তু মন্ত্রণালয়ের নতুন এই সিদ্ধান্তের কারণে ওই ৯২ জন শিক্ষকের মধ্যে প্রভাষক হয়েও অনেকে এখন ভুতাপেক্ষ জ্যেষ্ঠতা পেয়ে আমার চেয়ে জ্যেষ্ঠ হবেন। অথচ তাঁদের বিসিএস ক্যাডারভুক্ত হওয়ারই সুযোগ নেই। এভাবে অনেকেই পিছিয়ে পড়বেন, যা বিসিএস শিক্ষা ক্যাডারে একধরনের নৈরাজ্যের সৃষ্টি করবে।’
এ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রথম আলোকে বলেন, ‘এই সিদ্ধান্তটি একেবারে বিধিবহির্ভূতভাবে নেওয়া হয়েছে। এটা কোনোভাবেই করতে পারে না। এ জন্য আমরা সমিতির পক্ষ থেকে শিক্ষাসচিবের কাছে প্রতিবাদ জানিয়েছি।’
মাউশির একজন কর্মকর্তা জানান, বিসিএস পরীক্ষার বাইরে কেবল রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় নিয়োগপ্রাপ্ত এবং কলেজে প্রদর্শকদের মধ্য থেকে ৬ শতাংশকে কেবল এই সুযোগ দেওয়া যায়। কিন্তু টিটি কলেজের শিক্ষকদের বেলায় সব নিয়ম ভঙ্গ করা হলো।