নির্ভুল বাংলা লেখার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ও ইংরেজি এ দুটি ভাষা আমাদের দেশের ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ শিক্ষার্থীই বাংলা মাধ্যমে পড়াশোনা করে এবং ইংরেজিতে তেমন একটা দখল নেই। কিন্তু তা সত্ত্বেও ইংরেজির ব্যাপারে তারা যথেষ্ট সতর্ক ও মনোযোগী হয়ে থাকে। ইংরেজি ভাষায় একটি বাক্য লিখতে গিয়ে কোথাও শব্দচয়নে অথবা বাক্যগঠনে কিংবা ব্যাকরণগত ভুল করলে শিক্ষার্থীরা লজ্জিত কিংবা বিব্রত হয়। কিন্তু মাতৃভাষা বাংলার ব্যাপারে এর উল্টোই দেখা যায়। এ ক্ষেত্রে তারা খুবই অমনোযোগী ও অসতর্ক। বাংলা লিখতে ভুল করলেও তারা এ নিয়ে খুব কমই বিব্রত হয়ে থাকে। বাংলা মাধ্যমে পড়াশোনা করা সত্ত্বেও বাংলা ভাষার শুদ্ধতার ব্যাপারে তারা খুবই উদাসীন। এ কারণে দেখা যায়, পরীক্ষায় উত্তরপত্রে বাংলা বাক্যগঠনে প্রচুর ভুল। এসব ভুলের কারণে পরীক্ষার উত্তরপত্রগুলো প্রায়ই যেমন হাস্যকর হয়ে ওঠে, তেমনই তা নম্বরপ্রাপ্তিতেও পিছিয়ে থাকে।বাংলার প্রতি এই অমনোযোগিতার প্রভাব লক্ষ করা যায় আমাদের চারপাশের সামাজিক জীবনেও। বিভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান এমনকি উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড, কাগজপত্র ও অন্যান্য লেখায়ও দেখা যায় অগণিত অমার্জনীয় ভুল। সামাজিক জীবনে আমরা প্রায় সবাই এ ধরনের ভুল দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি, মেনে নিতেও অভ্যস্ত হয়ে গিয়েছি। অথচ একটু সচেতন হলেই এসব ভুল এড়ানো সম্ভব।অন্যদের কথা বাদ দিলেও ভুলের ব্যাপারে শিক্ষার্থীদের রয়েছে অতিরিক্ত দায়বদ্ধতা। তাদের অবশ্যই ভাষার ব্যাপারে যথেষ্ট জ্ঞান যেমন রাখতে হবে, তেমনই পরীক্ষায় নম্বর অর্জন করতেও বাংলা ভাষার ওপর দখল রাখতে হবে।বাংলা ভাষার ক্ষেত্রে শিক্ষার্থীরা সাধারণত যে ধরনের ভুল করে থাকে এগুলো হচ্ছে বানান ভুল, শব্দার্থ জানা না থাকা বা শব্দচয়নে ভুল, বাক্যগঠনে ভুল এবং ব্যাকরণগত ভুল।সঠিক বানান, শব্দের সঠিক অর্থ জানা এবং সঠিক বাক্যগঠন ও বাক্যের শ্রুতিমাধুর্যের জন্য ভাষার ওপর দক্ষতা অর্জন অপরিহার্য। এ জন্য দরকার প্রচুর পড়াশোনা। সে পড়াশোনা কেবল পাঠ্যবই পাঠ করা নয়। কালজয়ী ও মানোত্তীর্ণ বইপুস্তক, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি সবই পড়তে হবে মনোযোগ দিয়ে। পাঠের সময় লক্ষ করতে হবে বাংলা ভাষায় শব্দের ব্যবহার এবং বাক্যগঠন। কোনো শব্দের অর্থ জানা না থাকলে কোনোভাবেই তা না জেনে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। এ জন্য প্রয়োজনবোধে হাতের কাছে রাখতে হবে অভিধান। শব্দগুলোর বানান ও অর্থ ছাড়াও বাক্যের শ্রুতিমাধুর্যের জন্য বিভিন্ন লেখকের বাক্যগঠন বৈশিষ্ট্য মনোযোগ দিয়ে লক্ষ করতে হবে। এ ক্ষেত্রে বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন লেখকের ভালো বইগুলোও শিক্ষার্থীদের পড়া উচিত। কোনো মানসম্পন্ন লেখা গভীরভাবে অনুধাবনের জন্য প্রয়োজনবোধে কয়েকজন মিলে পাঠ পর্যালোচনার আয়োজনও করা যেতে পারে। আর এ জন্য ক্লাসের পড়ার বাইরেও সময় দিতে হবে শিক্ষার্থীদের। একটু সচেতন হলে একটু বাড়তি সময় দিয়ে পড়াশোনা করলে বাক্যের ত্রুটিগুলো এড়ানো সম্ভব। ত্রুটির বিষয়টি বুঝে এবং মাথায় রেখে কিছুদিন অনুশীলন করলেই বাক্যের ছোটখাটো ভুলগুলো এড়িয়ে শ্রুতিমধুর বাক্যগঠনে দক্ষতা অর্জন সম্ভব।ব্যাকরণগত ভুলের কারণেও লেখা বা রচনার মান নেমে যায়। শুদ্ধ বাংলায় লিখতে হলে অবশ্যই তা ব্যাকরণগত দিক দিয়ে সঠিক হতে হবে। শিক্ষার্থীদের জন্য ব্যাকরণ জানা দুইভাবে লাভজনক। এর ফলে তারা ব্যাকরণের প্রশ্নগুলোর সঠিক উত্তর করতে সমর্থ হবে, অন্যদিকে বাংলা মাধ্যমে যে বিষয়গুলোর পরীক্ষা দেবে সেগুলোতেও নির্ভুল উত্তর লিখতে সক্ষম হবে। ব্যাকরণগতভাবে একটি সঠিক বাক্য পরীক্ষায় ভালো নম্বরপ্রাপ্তিতে যেমন সহায়তা করে, তেমনই সারা জীবন ভালো লেখায় তা সাহায্য করে।মাতৃভাষা বাংলা হওয়ার কারণে আমরা অনেক সময় সঠিক বাক্য না লিখেও বাক্যের ভাবকে প্রকাশ করতে পারি। একই কারণে আমাদের কাছে কোনো না কোনোভাবে বাক্যের অর্থটাও বোধগম্য হয়ে যাওয়ার কারণে বাক্যটি নির্ভুল কিংবা সঠিক হয়েছে কি না সেদিকে লক্ষ রাখি না। উদাহরণ হিসেবে বিভক্তির ব্যবহারের কথা বলা যেতে পারে। বাক্যে বিভক্তির ব্যবহার যথাযথ না হলে বাক্যের কাঠামো কিংবা বাক্যস্থিত পদের সম্পর্ক সঠিক হয় না।‘এখানে সুলভ মূল্যে চাল সরবরাহ করা হয়’—আপাত দৃষ্টিতে এ বাক্যকে সঠিক ও অর্থবোধক মনে হলেও প্রকৃত অর্থে বাক্যটি নির্ভুল নয়। কারণ বাক্যটিতে একটি বিভক্তির ব্যবহারই নেই। বিভক্তির কাজ হচ্ছে বাক্যের শব্দগুলোর মধ্যে একটি অন্বয় বা সম্পর্ক সৃষ্টি করা। বাক্যটির অর্থ দাঁড়ায় এখানে (একটি দোকানে বা প্রতিষ্ঠানে) সুলভ মূল্যে চাল সরবরাহ করা হয়। প্রকৃতপক্ষে বাক্যটিতে বোঝাতে চাওয়া হয়েছে ওই দোকান বা প্রতিষ্ঠান থেকে সুলভ মূল্যে চাল সরবরাহ করা হয়। অর্থাত্ বাক্যটিতে একটি ‘থেকে’ বিভক্তি যুক্ত করা উচিত ছিল। বাক্যটি দিয়ে মূল বক্তব্যটি বোঝাতে সক্ষম হলেও বাক্যের পদের বিন্যাসে এটি সার্থক বাক্য নয়।কোনো বাক্যে ক্রিয়াপদের যদি একাধিক কর্ম থাকে তাহলে দুটি কর্মের মধ্যে প্রাণীবাচক কর্মটি বাক্যে আগে বসে। যদি বলি ‘আমি একটি কলম শাওনকে দিলাম’। এখানে দুটি কর্ম কলম ও শাওন। এ ক্ষেত্রে প্রাণীবাচক কর্মটি অর্থাত্ শাওন নামটিই আগে বসবে। অর্থাত্ সঠিক বাক্যটি হবে আমি শাওনকে একটি কলম দিলাম। কিন্তু এ ধরনের বাক্য তৈরিতে শিক্ষার্থীরা অনেক সময়ই ভুল করে থাকে।শুধু বিভক্তি বা কর্ম নয় একটি সার্থক বাক্য লিখতে বিভক্তির পাশাপাশি বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, বহুবচন পদের ব্যবহার, অনুসর্গ ইত্যাদি নানা পদের প্রয়োগও যথাযথ হতে হবে। তবে চলতি ভাষারীতিতে অনেকভাবেই আমরা বাক্যের পদস্থাপন করে থাকি। বড় কোনো ত্রুটি না থাকলে সেসবকে সঠিক বাক্য বা সার্থক বাক্য বলা যেতে পারে।সবশেষে আমি শিক্ষার্থীদের আবারও বলব, ‘বাংলা তো এমনিতেই পারব’—এমন ধারণা নিয়ে বাংলার ব্যাপারে উদাসীন থাকা মোটেই ঠিক নয়। বাংলাকেও ইংরেজির মতো গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে পড়তে হবে।