প্রিয় পরীক্ষার্থী, হিসাববিজ্ঞান একটি প্রায়োগিক বিষয়। ভালোভাবে ও নিয়মিত অনুশীলন করলে সহজেই ভালো নম্বর পাবে। সৃজনশীল অংশে ৭০ ও বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর থাকবে। বহুনির্বাচনির ক্ষেত্রে মূল বইয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ লাইন ভালোভাবে পড়তে হবে।
সৃজনশীল অংশে ‘ক’ বিভাগে বাধ্যতামূলক ২টি আর্থিক বিবরণী থাকবে এবং ২টিরই উত্তর দিতে হবে। এ ক্ষেত্রে নিট ক্রয়, নিট বিক্রয়, নিট দেনাদার, বিক্রীত পণ্যের ব্যয়, অগ্রিম বিমা সেলামির পরিমাণ, মূলধনের সুদ, স্থায়ী সম্পত্তির মূল্য নির্ণয় ও মোট মুনাফা সম্পর্কে জানতে হবে এবং আর্থিক বিবরণীর অনুপাত বিশ্লেষণের অঙ্কগুলোর মধ্যে তোমাকে চলতি অনুপাত, তারল্য অনুপাত, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর্থিক বিবরণীর সম্পত্তির অংশে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদি সম্পদ শিরোনাম দিয়ে লিখতে হবে।
‘খ’ বিভাগে ৯টি প্রশ্ন থাকবে, ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম অধ্যায় ছাড়া বাকি অধ্যায়ের গুরুত্ব বেশি। অর্থাত্ লেনদেন, মূলধনজাতীয় ব্যয় ও মুনাফাজাতীয় ব্যয়, জাবেদা, খতিয়ান, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, রেওয়ামিল, নগদান বই, উত্পাদন ব্যয় বিবরণী পারিবারিক হিসাবের অঙ্কগুলো ভালোভাবে করতে হবে। ‘খ’ অংশের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন, মূলধন, মোট কারবারি বাট্টা আদর্শ চালান, ক্যাশ মেমো, ডেবিট ও ক্রেডিট নোট অঙ্কন, কোন কোন দফা রেওয়ামিলে আসবে না, মূলধনজাতীয় প্রাপ্তি, মুখ্য ব্যয় কত, পারিবারিক তহবিল, আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় প্রভৃতি।
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা