নিয়োগ–বাণিজ্যের ফোনালাপ ফাঁসের ঘটনায় চবি শিক্ষক সমিতির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে ‘আর্থিক লেনদেনের ফোনালাপ ফাঁস’–এর ঘটনায় উদ্বিগ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ঘটনায় রাষ্ট্রীয় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন শিক্ষক সমিতির সদস্যরা। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।  

সমিতির সভাপতি সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের ফোনালাপ ফাঁস হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ঘটনায় শিক্ষক সমিতি গভীরভাবে মর্মাহত। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ অন্যান্য নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রাষ্ট্রীয় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে জড়িত ব্যক্তিদের শাস্তি দিতে হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অর্থ লেনদেন নিয়ে পাঁচটি ফোনালাপ ফাঁস হয়। এসব ফোনালাপ ছিল উপাচার্য শিরীণ আখতারের ব্যক্তিগত সহকারী খালেদ মিছবাহুল ও হিসাব নিয়ামক দপ্তরের কর্মচারী আহমদ হোসেনের সঙ্গে দুজন নিয়োগ প্রার্থীর। ফোনালাপ ফাঁসের পর খালেদ মিছবাহুলকে উপাচার্যের ব্যক্তিগত সহকারীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় আহমদ হোসেনকে।

ফাঁস হওয়া ফোনালাপে যা ছিল

ফোনালাপে আহমদ হোসেন ফারসি বিভাগে শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীকে বলেন, ‘তৃতীয় শ্রেণির একটা চাকরির জন্য এখন ১০ থেকে ১২ লাখ টাকা লাগে। চতুর্থ শ্রেণির চাকরির জন্য লাগে ৮ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলো সর্বোচ্চ সম্মানিত পদ। এখানে ১৬ লাখের কম দিলে হবে না।’

আহমদ হোসেন আরও বলেন, ‘ম্যাডাম (উপাচার্য) যদি রাজি হন, তাহলে আপনি অর্ধেক পেমেন্ট করবেন এবং পেমেন্ট যে করছেন সেটার একটা চেক অথবা ডকুমেন্ট দিতে হবে। কিন্তু ম্যাডাম যদি “না” বলেন, তাহলে প্রধানমন্ত্রীও যদি ব্যক্তিগতভাবে সুপারিশ করেন, কোনো কাজ হবে না। এটাই শেষ কথা। কারণ, ম্যাডাম নিজেও তো আসছেন অনেক টাকা খরচ করে। এখন আপনার যদি সম্মতি থাকে এবং ম্যাডাম যদি রাজি হন, তাহলে একটা কন্ট্রাক্ট (চুক্তি) করা যায়।’

উপাচার্যের ব্যক্তিগত সহকারী খালেদ মিছবাহুল নিয়োগপ্রার্থীকে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসিয়ে দিতে চেয়েছিলেন। তিনি প্রার্থীকে বলেছিলেন, ‘তুমি চট্টগ্রামের মানুষ বলেই তোমাকে আমি টান দিলাম। উপাচার্যকে তোমার কথা বলব। তিনি যেভাবে বলবেন, সেভাবে হবে।’