নেতৃত্ব গড়তে মোনাশ ইউনিভার্সিটির কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোনাশ ইউনিভার্সিটির এক দিনের প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকদের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক ও মোনাশের দুই অধ্যাপক। ছবি: প্রথম আলো
মোনাশ ইউনিভার্সিটির এক দিনের প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকদের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক ও মোনাশের দুই অধ্যাপক। ছবি: প্রথম আলো

যোগ্য নেতৃত্ব গড়তে চাই সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন। আর এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির উদ্যোগে বাংলাদেশের ২০টি স্কুলের ৪০ জনেরও বেশি শিক্ষককে নিয়ে অনুষ্ঠিত হয় ‘এম্পাওয়ারিং ফিউচার মাইন্ডস’ নামের একটি কর্মশালা।

আজ বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্কুল পর্যায় থেকেই নেতৃত্ব তৈরির বিষয়টি এ কর্মশালার মাধ্যমে তুলে ধরেন মোনাশ ইউনিভার্সিটির এডুকেশন ফ্যাকাল্টির জ্যেষ্ঠ প্রভাষক সিভানেস ফিলিপসন ও পেনিনসুলা ক্যাম্পাসের সহযোগী অধ্যাপক শেন এন ফিলিপসন। এই কর্মশালার সহযোগী অস্ট্রেলিয়ান ট্রেড কমিশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনাশ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক হোয়া লেভিটাস ও অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মোস্তাফিজার রহমান।

হোয়া লেভিটাস জানান, ‘এম্পাওয়ারিং ফিউচার মাইন্ডস’ নামের দ্বিতীয় কর্মশালা এটি। স্কুলে লিডারশিপ প্রোগ্রাম তৈরির বিষয়ে শিক্ষকদের দক্ষতা তৈরি করতেই এই কর্মশালার আয়োজন। শিক্ষার্থী, শিক্ষকসহ বাংলাদেশের স্কুল কমিউনিটির জন্য প্রয়োজনীয় লিডারশিপ প্রোগ্রাম তৈরির চ্যালেঞ্জ ও সমাধানের উপায় নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’
কর্মশালায় সিভানেস ফিলিপসন ও শেন এন ফিলিপসন শিক্ষকদের সঙ্গে লিডারশিপ তৈরির বিভিন্ন বিষয় উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষকদের বিভিন্ন দলে ভাগ করে তাঁদের কাছ থেকে মতামত নেন।

কর্মশালা শেষে হাজির হন অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক। শিক্ষকদের হাতে মোনাশ ইউনিভার্সিটির এই কর্মশালার সনদ তুলে দেন তিনি।

গ্রেগ উইলকক বলেন, ‘বাংলাদেশের অনেক স্কুলের শিক্ষকেরা এখানে আছেন দেখে খুশি হয়েছি। মোনাশ ইউনিভার্সিটির শিক্ষকদের কাছ থেকে আপনারা যদি কিছু সুবিধা নিতে পারেন, তবে সেটা অবশ্যই ভালো। আন্তর্জাতিকভাবে এটা দারুণ একটি কার্যক্রম। অস্ট্রেলিয়ান মোনাশ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। বেশ কয়েকটি দেশে কার্যক্রম চালাচ্ছে এই ইউনিভার্সিটি। আমি নিজেও মোনাশ থেকে লেখাপড়া করেছি।’

উইলকক বলেন, ‘অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক দশকে বিদেশি শিক্ষার্থী প্রচুর বেড়েছে। এখানে পড়তে এসে শিক্ষার্থীরা নিজেদের সমৃদ্ধ করছে এবং বাড়তি যোগ্যতা অর্জন করে দেশের ভবিষ্যত্ সমৃদ্ধির পথও তৈরি করছে।’