নোটবই-নির্ভর শিক্ষা সৃজনশীল চিন্তার বিকাশে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহ আবু সায়ীদ। শিক্ষাবিদ। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান। সৃজনশীল প্রশ্ন-পদ্ধতির অন্যতম সংগঠক। সৃজনশীল প্রশ্ন-পদ্ধতি নিয়ে বলেছেন দরকারি কথা।১.আমাদের পরীক্ষা-প্রক্রিয়ায় একটা অদ্ভুত বিপরীত ব্যাপার আছে। আমরা যখন ছাত্র ছিলাম, তখন পরীক্ষায় প্রশ্ন আসত—‘অমুক চরিত্রটির বৈশিষ্ট্য নিজের ভাষায় লিখ।’ প্রশ্নে বলা হতো, ‘নিজের ভাষায় লিখ’, কিন্তু আমরা ঠিকমতোই জানতাম, নিজের ভাষায় লিখলে কখনোই পরীক্ষক ভালো নম্বর দেবেন না। নম্বর পেতে হলে লিখতে হবে পরের ভাষায়। সম্ভব হলে বাজারের নোট বা অন্য কারও ভালো নোট মুখস্থ করে। তাই আমরা কখনো নিজের ভাষায় লিখতাম না। ওসব প্রশ্নের উত্তর কী হতে পারে, তা নিয়ে মাথা ঘামাতাম না, আমাদের পক্ষে যা লেখা প্রায়-অসাধ্য, নোট বইয়ের সেসব কঠিন কঠিন শব্দে ঠাসা উত্তরগুলো মুখস্থ করে পরীক্ষার খাতায় বেমালুম উগড়ে দিয়ে আসতাম। বোকা পরীক্ষকেরা সেই উত্তরগুলো আমাদের মেধার স্বাক্ষর হিসেবে ধরে আমাদের ভালো নম্বর দিতেন। তাঁরা জানতেন, এ উত্তর আমরা নিজেরা লিখিনি। লেখা অন্য কারও। তবু নম্বর দিতেন। ওভাবে নম্বর দিতেই তাঁদের ওপর থেকে বলে দেওয়া হতো। তার ফলে এতকাল ছাত্রদের লেখাপড়া ছাত্ররা করত না। পড়াশোনা করতেন নোট-লেখকেরা। ছাত্ররা পরীক্ষার হলে তা ঠিকমতো উগড়ে দিয়ে নম্বর হাতিয়ে নিত। কাজেই এ শিক্ষাব্যবস্থায় ছাত্ররা পড়ত না, পড়তেন শিক্ষক বা নোট-প্রণেতা। ছাত্রছাত্রীরা ভাবত না, চিন্তা করত না, যা পড়ত তা নিয়ে মনের ভেতর নাড়াচাড়া করে বা সেসবের কর্ষণে জীবনকে উর্বর করে সজাগ বুদ্ধিদীপ্ত মানুষ হয়ে উঠত না। মুখস্থ করে করে একধরনের জড়বুদ্ধিসম্পন্ন নিরেট জগদ্দল মানুষ হয়ে পড়ে থাকত।আমি ৩০ বছর শিক্ষকতা করেছি। আমি হলফ করে বলতে পারি কোনো দিনই আমার ছাত্ররা আমাকে অন্তত এ বলে অপবাদ দিতে পারবে না যে, ক্লাসে আমি তাদের কখনো পাঠ্যবই পড়ানোর অপচেষ্টা করেছি। আমি করেছি উল্টোটা। পাঠ্যবই সামনে রেখে তাদের ভেতর আমি সাহিত্যের স্বপ্ন আর মত্ততা জ্বালিয়ে তোলার চেষ্টা করেছি, যাতে এ ব্যাপারে তাদের ভালোবাসা রক্তিম হয়, হূদয় জেগে ওঠে, সাহিত্য পড়তে তারা উদ্বুদ্ধ হয়; তাদের কল্পনাশক্তি বা জীবনবোধ শক্তিশালী ও বলীয়ান হয়। পাঠ্যবই আমি পড়াতাম না, কারণ আমি জানতাম এ এক অহেতুক পণ্ডশ্রম। আমি জানতাম পাঠ্যবই নিয়ে আমি তাদের যত কথাই বলি, তারা কোনো দিন আমার কথা পরীক্ষার খাতায় লিখবে না। তারা লিখবে নোটবইয়ের কথা। কাজেই বেহুদা খেটে লাভ কী? বরং তাদের যদি এমন কথা বলি, যাতে তাদের জীবন আনন্দের প্রাচুর্যে ফলে ওঠে, কল্পনা প্রজ্বলিত হয়, তাতেই তো তাদের বেশি লাভ। আমি দেখেছি ছাত্ররাও তা পছন্দ করত, যদিও অভিভাবকদের দু-একজন এ নিয়ে দু-এক সময় গাঁইগুঁই করেছেন। দু-একজন তো স্পষ্টই বলেছেন, আপনার ক্লাস থেকে তো ছাত্রদের কোনো লাভ হয় না। লাভ বলতে তাঁরা নম্বর বোঝাতেন। আমি বিনয়ের সঙ্গে তাঁদের ছেলেমেয়েদের বাজারের সেরা নোটবইগুলো কিনে দিতে পরামর্শ দিতাম। কোনো দিন ক্লাসে আমি রোল কল করিনি, কিন্তু কলেজের নানা ক্লাসের এমনকি অন্যান্য কলেজের ছাত্ররা আমার ক্লাসে এসে ভিড় করত। আমার ধারণা, এর আসল কারণ ছিল একটাই। আমি পাঠ্যবই নিয়ে কথা বলতাম না। আমি তাদের বলতাম স্বপ্নের কথা, আলোর কথা, আদর্শে আর ভালোবাসায় উজ্জীবিত হওয়ার কথা। ব্রিটিশ আমল থেকে আজ অবধি আমাদের দেশে যে শিক্ষা-পদ্ধতি চলেছে, তা হলো এই নোট-নির্ভর, মুখস্থনির্ভর পদ্ধতি। শিক্ষকেরা এতকাল নম্বর দিয়েছেন ছাত্রদের ভালো নোট জোগাড় করার আর তা মুখস্থ করার ক্ষমতাকে। চিন্তা-বুদ্ধি নয়, মেধা-প্রতিভা নয়, বইয়ের বিদ্যাকে জীবনের সঙ্গে মিলিয়ে সম্পন্ন হওয়াও নয়, কেবল মুখস্থ করার ক্ষমতাই ছিল তাদের একমাত্র যোগ্যতা। অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রতিভা বা মেধাগত দীপ্তির কোনো পরীক্ষা সেখানে হতো না। পরীক্ষা হতো মুখস্থ-ক্ষমতার। রবীন্দ্রনাথ বহুবার এই মুখস্থনির্ভর পরীক্ষা-পদ্ধতিকে আক্রমণ করেছেন। মুখস্থ করা আর নকল করার মধ্যে তিনি মূলত কোনো পার্থক্য দেখেননি—যেহেতু নকল বা মুখস্থ কোনোটাই ছাত্রের নিজের নয়। এক জায়গায় তিনি দুঃখ করে বলেছিলেন, যে ছাত্র পকেটে করে নকল নিয়ে পরীক্ষার হলে ঢোকে, তাকে তোমরা হল থেকে খেদিয়ে দাও আর যে মগজের ভেতর চুরি করে নিয়ে ঢোকে তাকে তোমরা শ্রেষ্ঠ ছাত্রের সম্মান দাও, এ কেমন শিক্ষাব্যবস্থা। তাঁর প্রশ্ন অকারণ নয়। কারণ দুজনের কেউই তো পঠিত বিষয়টাকে ঠিকমতো বুঝছে না, এ নিয়ে ভাবছে না, এর আনন্দে বা দীপ্তিতে প্রজ্বলিত হচ্ছে না, কেবল কলুর বলদের মতো বিদ্যার মুটেগিরি করে বেড়াচ্ছে। আর এই মুখস্থের জন্য কী কষ্টই-না করতে হচ্ছে তাদের। পরীক্ষার দুই মাস আগে থেকেই দিনরাত ন্যা ন্যা ন্যানা, ন্যা ন্যা ন্যান্যা করে সারা পাড়া তটস্থ করতে হচ্ছে। দিনের পর দিনের শ্রমে স্বাস্থ্য, আনন্দ আর জীবনীশক্তিকে ছোবড়া করে ফেলতে হচ্ছে। তাদের গাল বসে গিয়ে থুতনি লম্বা হচ্ছে, চোখ গর্তে ঢুকে যাচ্ছে এবং শরীর-মন দুটোই অসুস্থ হয়ে পড়ছে। এ ছাড়া এই কষ্টকর পদ্ধতির আরও একটা জায়গায় ছাত্রছাত্রীদের বড় রকমের ক্ষতি করছে। অধিকাংশের মনে সারা জীবনের জন্য বইয়ের ব্যাপারে ভয় ঢুকে যাচ্ছে। সবচেয়ে রমণীয় বা মজাদার বইটি হাতে নিতেও তারা আঁতকে ওঠে। কেবল তাই নয়, এই নিগ্রহের ফলে বই জিনিসটির ওপরই তারা বিরক্ত ও ক্ষিপ্ত হয়। একবার ছাত্রজীবন শেষ করলে বইয়ের স্পর্শ থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করে। অনেককে দেখেছি বিয়েতে বই উপহার পেলেও আতঙ্কিত হয়ে ওঠে। হয়তো মনের অবচেতনে সেই অতীত ভয় ফিরে আসে, বই দিচ্ছে কেন আবার, মুখস্থ করে পরীক্ষা-টরীক্ষা দিতে হবে নাকি? ফলে বই যে কত স্বপ্ন আর আনন্দে ভরা একটা জিনিস, কত আলো আর দীপ্তিতে বিভাময় তা তাদের আর কোনো দিনই জানা হয় না। আমাদের দেশের শিক্ষিত সম্প্রদায় জ্ঞানচর্চার ব্যাপারে যে এমন বিরূপ—তার পেছনে মুখস্থ-নিগ্রহের একটা বড় ভূমিকা আছে বলেই মনে হয়।আমি নিজে যখন ছাত্র ছিলাম তখন পরীক্ষার আগে গলা ফাটিয়ে এমন জোরে জোরে পড়া শুরু করতাম যে মনে হতো তৃতীয় মহাযুদ্ধ বেঁধে গেছে। এটা করতাম যাতে আব্বা টের পান তাঁর ছেলেটা পড়ছে। সারা বছর যে বই ধরেনি তার বাঁচার পথটাই-বা কী? এতে মুরব্বিদের মারধর কমত। পড়ার তোড়জোড় দেখে বাসায় স্বস্তি আসত। মা বলতেন, আজকাল রাত এগারোটার সময়ও তো ওর গলার আওয়াজ পাচ্ছি। এই হচ্ছে মুখস্থবিদ্যা। মুখস্থবিদ্যা যে কী অঘটন ঘটাতে পারে, তা একটা উদাহরণ দিয়ে বোঝাই। বঙ্কিমচন্দ্র ছিলেন বাঙালিদের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট। কিন্তু হলে হবে কী, বিএ পরীক্ষায় আসলে তিনি ফেল করেছিলেন। তাঁকে গ্রেস দিয়ে পাস করানো হয়েছিল। কল্পনা করুন তো, তিনি কোন পেপারে ফেল করেছিলেন? কোন পেপারে তাকে গ্রেস দেওয়া হয়েছিল? তিনি ফেল করেছিলেন বাংলায়। যে বঙ্কিমচন্দ্রের বাংলা পড়তে গিয়ে আমরা উঠতে-বসতে ফেল করি, তিনি সেই বাংলাতেই ফেল। ভাবা যায়? বলুন তো পরীক্ষায় তাঁর এক্সামিনার ছিলেন কে? শুনলে অবাক হবেন—এক্সামিনার ছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হয়তো এই আহত মর্যাদার জন্য বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে অবচেতন মনে কোনো দিন ক্ষমা করতে পারেননি। বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলন শুরু করলে তিনি তার বিরুদ্ধতা করেছিলেন। বিধবা বিয়ের বিষময় ফল কী হতে পারে, তা দেখানোর জন্য কৃষ্ণকান্তের উইল উপন্যাস লিখেছিলেন। হয়তো তাঁর প্রেরণাতেই তাঁর বন্ধু দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকে বাড়ির কাজের ঝি ক্ষেত্রমণির মুখ দিয়ে বলিয়েছিলেন: যে পণ্ডিত বিধবা বিবাহের বিধান দেয়, সে যদি পণ্ডিত হয় তবে মূর্খ কে? সেবার বিএ পরীক্ষার্থী ছিলেন তিনজন, তিনজনই ফেল করেছিলেন। বঙ্কিম হয়েছিলেন ফেলের মধ্যে ফার্স্ট। এভাবেই বাঙালির ইতিহাসে তিনি প্রথম গ্র্যাজুয়েট হওয়ার গৌরব অর্জন করেছিলেন। এখন প্রশ্ন—কেন বঙ্কিমের মতো এমন মেধাবী প্রতিভাবান একজন মানুষ এমন সহজ একটি বিষয়ে ফেল করেছিলেন? এর উত্তর কঠিন নয়। বাংলা তখনো ছিল সংস্কৃত-ঘেঁষা। সংস্কৃত ব্যাকরণের অনেক দুরূহ জিনিস ছিল বাংলার অন্তর্ভুক্ত। সেগুলো চোখ বন্ধ করে মুখস্থ না করে উপায় ছিল না। বঙ্কিম বা তাঁর ব্যাচের অন্যরা হয়তো সেগুলো ঠিকমতো মুখস্থ করতে পারেননি। বাংলার সেই প্রশ্নটি বেরিয়েছিল কলকাতার সাপ্তাহিক দেশ পত্রিকায়। আমিও আদা-জল খেয়ে চেষ্টা করেছিলাম প্রশ্নগুলোর উত্তর দিতে। কিন্তু কিছুতেই ১০০-এর মধ্যে ১৬ নম্বরের বেশি উত্তর দিতে পারিনি।# আগামীকাল: মুখস্থবিদ্যা ছাত্রদের দৈহিক ও মানসিক কষ্ট দেয়।