নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় সূচিতে পরিবর্তন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তির আবেদনের সময় আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে পরিবর্তন করা হয়েছে ভর্তি পরীক্ষার সময়সূচিও।
সময়সূচি পরিবর্তনের বিষয় নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ২৬ অক্টোবর ভারপ্রাপ্ত উপাচার্য মো. আবুল হোসেন সব বিভাগীয় প্রধানকে সঙ্গে নিয়ে জরুরি বৈঠক করে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ১২ ও ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রথম দিন ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ‘এ’ গ্রুপের পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। একই দিন বেলা তিনটায় অনুষ্ঠিত হবে ‘সি’ গ্রুপের পরীক্ষা। এ ছাড়া ‘বি’ গ্রুপের পরীক্ষা ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা এবং ‘ডি’ গ্রুপের পরীক্ষা একই দিন বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।