সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ ব্যবসা পরিচিতি বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। সাভারের আবুল সাহেব তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এক হাজার মেহমান আপ্যায়নের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি সাভার বাজারের বিনিময় স্টোরের মালিক জনাব তারেককে সরবরাহ করতে বলেন। কিন্তু এলাকায় বেশ সুনাম থাকার পরও তিনি ওই পণ্য সরবরাহ করতে অপারগতা প্রকাশ করেন। কিন্তু নির্দিষ্ট দিনে আরও ২০ কেজি চাল ও ৮ কেজি তেল প্রয়োজন হওয়ায় তাৎক্ষণিকভাবে বিনিময় স্টোর তা সরবরাহ করে।ক. বিশেষ প্রকৃতির পাইকার কত প্রকার? খ. পাইকার কীভাবে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। গ. বিনিময় স্টোরের মালিক জনাব তারেক কোন ধরনের ব্যবসায়ীম তা বর্ণনা করো। ঘ. বিনিময় স্টোরের সফলতা অর্জনের পেছনে কোন বিষয়টি প্রধান ভূমিকা রেখেছে তা মূল্যায়ন করো। উত্তর: ক. বিশেষ প্রকৃতির পাইকার দুই প্রকার। উত্তর: খ. পাইকার গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। যেসব পণ্য বছরের নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয় অথচ সারা বছরই চাহিদা লেগে থাকে। বছরব্যাপী চাহিদা মেটানোর জন্য যেসব পণ্য গুদামে সংরক্ষণ করে তাদের সময়গত উপযোগ সৃষ্টি করা যায়। পাইকার সংগৃহীত পণ্য বাজারজাত না করা পর্যন্ত নিজস্ব গুদামে অথবা ভাড়া করা গুদামে সংরক্ষণ করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। উত্তর: গ. বিনিময় স্টোরের মালিক জনাব তারেক একজন খুচরা ব্যবসায়ী। যিনি পাইকার বা উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করেন তাঁকে খুচরা ব্যবসায়ী বলে। ওপরের উদ্দীপকে দেখা যায়, এক হাজার জন মেহমানের আপ্যায়নের জন্য বেশি পরিমাণে পণ্য সরবরাহ করতে জনাব তারেক অপারগতা প্রকাশ করেন; কিন্তু অল্প পরিমাণ যেমন ২০ কেজি চাল, ৮ কেজি তেল সরবরাহ করেছিলেন। যেহেতু চূড়ান্ত ভোক্তাদের চাহিদা অনুযায়ী অল্প পরিমাণে পণ্য বিক্রয় করে থাকেন, সেহেতু জনাব তারেক একজন খুচরা ব্যবসায়ী। উত্তর: ঘ. বিনিময় স্টোরের সফলতা অর্জনের পেছনে ‘স্থান নির্বাচনের’ বিষয়টি প্রধান ভূমিকা রেখেছে। খুচরা ব্যবসায়ীর ক্ষেত্রে স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো স্থানে খুচরা দোকান স্থাপন করতে হলে ওই স্থানের জনসংখ্যা, ভোক্তাদের রুচি, যাতায়াত-সুবিধা ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়। উপরের উদ্দীপকে দেখা যায়, বিনিময় স্টোরটি সাভার বাজারের জনবহুল এলাকায় অবস্থিত। আমরা জানি, যেখানে লোকসমাগম বেশি হয়, সেখানে খুচরা ব্যবসায়ী তাঁর পণ্য ভোক্তাদের কাছে বেশি বিক্রি করতে পারেন। সাভার বাজারের চারদিক থেকে অনেক যানবাহন এসে থামে। ফলে এখানে অনেক লোকের সমাগম হয়। তাই জনাব তারেক উপযুক্ত স্থান নির্বাচন করায় তাঁর ব্যবসায়ে সফলতা অর্জন করেছেন।