পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান নিয়ে কিছু পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, ধানমন্ডি গভ. হাইস্কুল, ঢাকা প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রথমেই প্রতিটি বিষয়ের বিষয়বস্তু ভালোভাবে বুঝে নিতে হবে। বিশেষ করে বিজ্ঞান বিষয়ের বিষয়বস্তু যদি শিক্ষার্থীর মনে ভালোভাবে গেঁথে না থাকে, তাহলে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর সহজ এবং সাবলীল ভাষায় লেখা কঠিন হতে পারে। বিজ্ঞানের বিষয়গুলোতে বিশেষ করে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে গাণিতিক সমস্যার সমাধানে অনেক সূত্র বা তত্ত্বের প্রয়োগ করতে হয়। এগুলো মুখস্থ করলে অনেক ক্ষেত্রেই ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে পরীক্ষার সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এগুলো মুখস্থ না করে বুঝে নিয়ে অনুশীলন করতে হবে। পাঠ্যবইটি সম্পূর্ণরূপে ভালো করে পড়তে হবে। তাহলে এ বিষয়ে ভালো ফলাফল অর্জন করা সহজ হবে।রসায়নের ক্ষেত্রেও বিষয়বস্তু বুঝে পড়ে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এ বিষয়ে রয়েছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণগুলো বারবার অনুশীলন করতে হবে। মৌলগুলোর নাম সঠিকভাবে মুখস্থ করতে হবে। প্রত্যেক সংকেত ও যোজনী সবকিছু সঠিকভাবে জানা থাকতে হবে। যেন যেকোনো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পার। বিশেষ করে মনে রাখতে হবে বিক্রিয়ার ক্ষেত্রে কোন ধরনের মৌলের সঙ্গে কোন ধরনের মৌলের বিক্রিয়ায় আসক্তি রয়েছে। যৌগের গঠনগুলো তাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। মোটকথা প্রতীক সংকেত, যোজনী সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারলে বিক্রিয়ায় সমতা বিধান করতে পারবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বইয়ের বিশেষ অংশগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়লেই চলবে, কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর উত্তর দিতে হলে পুরো বই পড়ার বিকল্প নেই।জীববিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ বিজ্ঞান ও রসায়নের তুলনায় শিক্ষার্থীর মুখস্থ শক্তিকে কাজে লাগাতে হবে একটু বেশিই। কারণ অনেক গোত্র, পরিবার, প্রজাতি শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম জানতে হয়। প্রশ্নপত্রে দেওয়া প্রশ্নগুলো অবশ্যই বুঝে উত্তর লিখতে হবে। প্রয়োজনীয় চিত্র অঙ্কন করতে হবে। চিত্রগুলো সূক্ষ্ম, ভালো মানের পেন্সিল দিয়ে আঁকতে হবে। অনেক শিক্ষার্থী মনে করে চিত্র অঙ্কন অনুশীলনের দরকার নেই। পরীক্ষার আগে একটু চোখ বুলিয়ে নিলেই চলবে। এটা একদম ভুল ধারণা। চিত্র অঙ্কন আগে থেকেই অনুশীলন করতে হবে। নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য পুরো বইটি মনোযোগ সহকারে রিভিশন করতে হবে।