পদার্থবিজ্ঞান ২য় পত্র
অধ্যায়-১২ ইলেকট্রন ও ফোটনপ্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান ২য় পত্রের ‘ইলেকট্রন ও ফোটন’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: আলোক তড়িৎ প্রক্রিয়া ব্যাখ্যায় চিরায়ত তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা লেখো।উত্তর: চিরায়ত তরঙ্গ তত্ত্বের ব্যর্থতার কারণগুলো নিচে উল্লেখ করা হলো: (i) চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুসারে কোনো ধাতবপৃষ্ঠে আলোর পতন ও তা থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য সময়ের প্রয়োজন, এ সময় কয়েকদিন পর্যন্ত হতে পারে। কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা। (ii) আলোকরশ্মির তীব্রতা যতই অধিক হোক না কেন ইলেকট্রন নিঃসরণের জন্য একটা ন্যূনতম কম্পাঙ্কের প্রয়োজন। এই ন্যূনতম কম্পাঙ্কের অস্তিত্ব তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। (iii) চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুসারে আমরা জানি যে অধিক তীব্রতার আলোক নির্গত ইলেকট্রনকে অধিক পরিমাণে গতি শক্তি প্রদান করবে। কিন্তু নির্গত ফটো ইলেকট্রনগুলোর গতিশক্তি কম্পাঙ্কের ওপর নির্ভর করে, তীব্রতার ওপর নয়। প্রশ্ন: লেজার কী? লেজারের কার্যনীতি, বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো। উত্তর: লেজার: ইংরেজি (LASER নামের সৃষ্টি) হয়েছে Light Amplification by Stimulated Emission of Radiation-এই শব্দগুলোর প্রথম অক্ষর নিয়ে। এ ইংরেজি কথাটির অর্থ হলো বিকিরণের উদ্দীপিত নিঃসরণ দ্বারা আলোর বিবর্ধন। লেজার এক বিশেষ ধরনের আলো। লেজারের কার্যনীতি: আমরা জানি, পদার্থের পরমাণু উত্তেজিত অবস্থায় থাকলে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরের সময় hf = E - E0 সূত্রানুসারে রশ্মি নিঃসরণ করে। এ নিঃসরণ স্বতঃস্ফূর্ত এবং সর্বদিকে ঘটে। কিন্তু পরমাণু উত্তেজিত অবস্থায় থাকা কালে পরবর্তী সময় যে শক্তির ফোটন নিঃসরণ করতো, সেই শক্তিসম্পন্ন ফোটন যদি উত্তেজিত ইলেকট্রনের ওপর আপতিত করা যায়, তাহলে এটি তৎক্ষণাৎ সর্বনিম্ন (E0) শক্তি স্তরে ফিরে আসে এবং নিঃসৃত ফোটন ও আপতিত ফোটন মিলে সমদশাসম্পন্ন মোট দুটি ফোটন নির্গত করে। শৃঙ্খল প্রক্রিয়ায় বহুসংখ্যক সমদশা সম্পন্ন নতুন নতুন ফোটন অতি তীব্র আলো সৃষ্টি করে। এ আলোই লেজার। লেজারের বৈশিষ্ট্য: ১) এ রশ্মির তীব্রতা খুব বেশি। ২) এ রশ্মি প্রায় নিখুঁতভাবে সমান্তরাল হয়। ৩) এ রশ্মি একবর্ণী হয়। ৪) এ রশ্মি দশা-সুসংগত। ৫) পানি দ্বারা এ রশ্মি শোষিত হয় না। লেজার রশ্মির ব্যবহার: ১) কঠিন বস্তুতে গর্ত করা, জোড়া বা ঝালাইকাজে লেজার রশ্মি ব্যবহূত হয়। ২) চিকিৎসার ক্ষেত্রে চক্ষু, দন্ত ও চর্মরোগের চিকিৎসায়, দেহের অভ্যন্তরের অঙ্গপ্রত্যঙ্গের সার্জারিতে, বিশেষ করে পাকস্থলীর আলসার, টিউমার, ক্যানসারের চিকিৎসা, বন্ধ হয়ে যাওয়া ধমনির মুখ খুলতে লেজার ব্যবহূত হয়। ৩) লেজার রশ্মির সাহায্যে সঠিকভাবে দূরত্ব মাপা যায়। ৪) ত্রিমাত্রিক ছবি তৈরির ক্ষেত্রে লেজার ব্যবহূত হয়। ৫) পানি দ্বারা লেজার রশ্মি সহজে শোষিত হয় না বলে পানির নিচে যোগাযোগ ব্যবস্থায় এ রশ্মি ব্যবহূত হয়।প্রশ্ন: ফোটন কী? ফোটনের বৈশিষ্ট্য বা ধর্ম লেখো। উত্তর: ফোটন: আলবার্ট আইনস্টাইন প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে দেখান যে শক্তির বিকিরণ নিরবচ্ছিন্নভাবে ঘটে না। এই নিঃসরণ বা বিনিময় শক্তির একটি অতি ক্ষুদ্রাংশের গুণিতক হিসেবে প্যাকেট আকারে বিচ্ছিন্নভাবে ঘটে। শক্তির এই প্যাকেট বা কোয়ান্টকে ফোটন বলে।ফোটনের ধর্ম বা বৈশিষ্ট্য : ১) পদার্থের ক্ষুদ্র অংশকে যেমন পরমাণু বলে, তেমনি কোনো বিকিরণের ক্ষুদ্র অংশকে ফোটন বলে।২) ফোটন আলোর বেগে প্রবাহিত হয়। ৩) ফোটনের স্থিতি ভর শূন্য। ৪) প্রতি ফোটনের নির্দিষ্ট শক্তি এবং নির্দিষ্ট রৈখিক ভরবেগ রয়েছে। ৫) ফোটন তড়িৎ নিরপেক্ষ। এর কোনো চার্জ নেই। ৬) ফোটনের কণা-তরঙ্গ দ্বৈত রূপ আছে। ৭) একটি ফোটনের কম্পাঙ্ক f হলে তার শক্তি E = hf# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল