খবর: নির্মাণকাজ দেখতে পদ্মা সেতু প্রকল্পের টাকায় চীন ও হংকং সফরে গেছেন ছয় সাংসদ। চার সাংসদের সঙ্গে গেছেন স্ত্রীরাও। সফরসঙ্গী হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত ব্যক্তিগত কর্মকর্তাও। তাঁদের দেখভাল করতে গেছেন সেতু বিভাগের দুই কর্মকর্তা। ১৩ জনের এই সফরের আনুষ্ঠানিক ব্যয় ধরা হয়েছে ৪১ লাখ টাকা। (সূত্র: প্রথম আলো, ২৭ মে ২০১৫)
: সাধারণ মানুষদের ধারণা, ‘মেড ইন চায়না, বেশি দিন যায় না!’ অথচ পদ্মা সেতু নির্মাণ করবে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। তাই সাংসদেরা কোম্পানিটির নির্মাণাধীন বিভিন্ন সেতু পর্যবেক্ষণের মাধ্যমে দেশের মানুষকে আশ্বস্ত করতে চেয়েছেন। তাঁরা দাবি করতে পারেন, চীনের মোবাইল ফোন বেশি দিন না টিকলেও চীনা কোম্পানির তৈরি পদ্মা সেতু অনেক দিন টিকবে!
: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তো বলেই দিয়েছেন, ‘তাঁরা (সাংসদেরা) বড় বড় প্রকল্প দেখে আমাদের মিটিংয়ে তা শেয়ার করবেন। অভিজ্ঞতা বিনিময় হবে।’ অতএব বোঝাই যাচ্ছে, মূলত জ্ঞানার্জনের জন্যই চীন দেশ ভ্রমণে
বেরিয়েছেন সাংসদেরা।
: সাংসদেরা চাইলে পদ্মা সেতু প্রকল্প থেকে দুর্নীতি করে বিদেশ ভ্রমণ করতে পারতেন। কিন্তু তাঁরা সৎ, তাই সরকারিভাবে পদ্মা সেতুর টাকায় বিদেশ
ভ্রমণ করেছেন!
: পদ্মা সেতু নিয়ে বিগত বছরগুলোতে সাংসদেরা অনেক কথা বলেছেন। আর কবি বলেছেন, ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ তাই সাংসদেরা পদ্মা সেতু নিয়ে আর কথা না বাড়িয়ে কাজে মনোযোগী হয়েছেন। কোনো কিছু করাকে ক্রিয়া বা কাজ বলে। সুতরাং বিদেশ ভ্রমণও একপ্রকার কাজ!
: তীব্র গরমে কর্মক্ষেত্রে মনোযোগে ব্যাঘাত ঘটে। কর্মক্ষেত্রে মনোযোগের জন্য চাই মানসিক প্রশান্তি। সাংসদেরা দেশের জন্য কাজ করেন। তাই দেশের বৃহত্তর স্বার্থে তীব্র গরমে অতিষ্ঠ সাংসদেরা মানসিকভাবে সতেজ হয়ে পুনরায় দেশের জন্য কাজে মনোনিবেশ করতে বিদেশ ভ্রমণ করেছেন।
: সাংসদেরা জিনিসপত্র কেনার সময় করসহ মূল্য পরিশোধ করেন এবং প্রতিবছর আয়কর দেন। সরকার সাংসদদের দেওয়া করের টাকা পদ্মা সেতুর কাজে লাগিয়েছে। সুতরাং পদ্মার টাকায় নয়, সাংসদেরা আসলে নিজের টাকায়ই বিদেশ ভ্রমণ করেছেন!