পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠামোবদ্ধ প্রশ্নের মান বণ্টনের ধারা অনুসারে উত্তর লিখবে
কর্নেল নুরন নবী (অব.)
সাবেক অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ, ঢাকা
প্রিয় পরীক্ষার্থী, সমাপনী পরীক্ষায় ভালো নম্বর পেতে ভালো প্রস্তুতির সঙ্গে সঙ্গে পরীক্ষার খাতায় উত্তর সঠিকভাবে লেখার পাশাপাশি প্রশ্নের ক্রমিক নম্বরও সঠিকভাবে লিখতে হবে। প্রশ্নের ভুল ক্রমিক নম্বর লিখলে সঠিক লেখার পরও নম্বর প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বিরূপ প্রভাব পড়তে পারে। এ ব্যাপারে তোমাকে খুব সচেতন হতে হবে।
সতর্ক হতে হবে যেসব বিষয়ে:
ইংরেজির ১ ও ৫ নম্বর প্রশ্ন, বাংলার ১ ও ৫ নম্বর প্রশ্ন, গণিতের ১ নম্বর, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্মের ১ নম্বর ক্রমিকের উত্তর লেখার সময় সঠিকভাবে নম্বর ও উত্তর উপস্থাপনে ভুল করার প্রবণতা দেখা যায়। সেকারণে সতর্ক থাকতে হবে।
উদাহরণ হিসেবে দেখে নাও:
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
(১) জগদীশচন্দ্র বসু পেশাগত জীবনে ছিলেন—
(ক) ডাক্তার (খ) বিজ্ঞানী (গ) অধ্যাপক (ঘ) কৃষিবিদ
পরীক্ষার খাতায় উত্তর লিখবে নিচের নিয়মে—
১ নম্বর প্রশ্নের উত্তর:
(১) (খ) বিজ্ঞানী
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
(৪) কোনটি বড়—
(ক) চন্দ্র (খ) পৃথিবী (গ) মঙ্গল (ঘ) সূর্য
পরীক্ষার খাতায় উত্তর লিখবে নিচের নিয়মে—
১ নম্বর প্রশ্নের উত্তর: (৪) (ঘ) সূর্য
গণিত বিষয়ে মনে রেখো:
গণিত বিষয়ের ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ নম্বর ক্রমিকের প্রতিটিতে ‘অথবা’ দিয়ে আরেকটি অঙ্ক থাকে। ‘অথবা’ অঙ্কটি উত্তর করলে অবশ্যই ক্রমিকে নম্বরের পাশে ‘অথবা’ লিখবে।
পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে:
৩ নম্বর প্রশ্নের উত্তর (অথবা)
যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে নম্বর বণ্টন:
প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম পাঁচটি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক। এই প্রশ্নের নম্বর বণ্টন ৫। এই ৫ নম্বরের বণ্টন থাকতে পারে (১+১+১+২=৫) কিংবা (১+১+৩=৫) কিংবা (১+২+২=৫) কিংবা (২+৩=৫) কিংবা (১+৪=৫)। এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
নিচে প্রাথমিক বিজ্ঞান প্রশ্নের উদাহরণ দেওয়া হলো:
প্রশ্ন: বায়ুর কোন উপাদানটি আগুন নেভাতে ব্যবহার করা হয়? ইউরিয়া সারের মাধ্যমে গাছের বৃদ্ধিতে আমরা বায়ুর কোন উপাদানকে ব্যবহার করি? একজন মাঝি কীভাবে বায়ুপ্রবাহকে কাজে লাগান, তা একটি বাক্যে লেখো। দৈনন্দিন কাজে বায়ুপ্রবাহের দুটি ব্যবহার লেখো। ১+১+১+২=৫
উত্তর: বায়ুর কার্বন ডাই-অক্সাইড নামক উপাদানটি আগুন নেভাতে সাহায্য করে।
ইউরিয়া সারের মাধ্যমে গাছের বৃদ্ধিতে আমরা বায়ুর নাইট্রোজেন উপাদানকে ব্যবহার করি।
একজন মাঝি বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালান।
দৈনন্দিন কাজে বায়ুপ্রবাহের দুটি ব্যবহার হলো—
১. বায়ুপ্রবাহকে ব্যবহার করে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করা হয়।
২. বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে ফসল ঝেড়ে ময়লা দূর করা হয়।
লক্ষ করো, মান বণ্টনের ধারা অনুসারে প্রশ্নের প্রথম অংশের উত্তর লেখার সময় একটি বাক্য লেখা হয়েছে। দ্বিতীয় অংশের উত্তর পাশাপাশি না লিখে নিচে আরেকটি লাইনে লেখা হয়েছে। একইভাবে তৃতীয় ও চতুর্থ অংশ লেখার ক্ষেত্রেও প্রশ্নের নির্দেশনা অনুসারে নিচে নিচে লেখা হয়েছে। কাজেই প্রশ্নে মান বণ্টনের ধারা অনুসারে উত্তর সাজিয়ে লিখবে।

মনে আছে কি?
উদ্ভিদ যখন খাদ্য
তৈরি করে, তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়