পরামর্শ
সুপ্রিয় ২০১২ সালের এসএসসি পরীক্ষার্থীরা, ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবসায় পরিচিতি ও ব্যবসায় উদ্যোগ বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য আজ তোমাদের জন্য রয়েছে কিছু দিক নির্দেশনা। এই বিভাগ থেকে এ+ পাওয়ার ক্ষেত্রে এ বিষয় দুটির গুরুত্ব অপরিসীম। ব্যবসায় পরিচিতিব্যবসায় পরিচিতি থেকে নয়টি প্রশ্ন থাকবে, একজন শিক্ষার্থীকে যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয়। সুতরাং প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর বিচক্ষণতাই তাকে এ+ পাওয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। এ বিষয়ে এ+ পাওয়ার জন্য কিছু বিষয় তোমাদের জন্য নিচে উপস্থাপন করলাম: মনে রাখবে, ১ নম্বরের প্রশ্নোত্তর কখনোই বড় করবে না। এর জন্য বেশি সময়ও নষ্ট করা ঠিক হবে না। এক লাইন অথবা প্রশ্নের সঙ্গে সংগতি রেখে এককথায়ও এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ভারতীয় মুদ্রার নাম কী? উত্তর: রুপি। যেহেতু ছয়টি প্রশ্নের উত্তরের জন্য ১৩০ মিনিট বরাদ্দ থাকে, সেহেতু প্রশ্নোত্তরের ক্ষেত্রে ২ + ৪ + ৮ + ৮ এই নিয়ম প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ ক-এর জন্য ২ মিনিট, খ-এর জন্য ৪ মিনিট, গ-এর জন্য ৮ মিনিট এবং ঘ-এর জন্য ৮ মিনিট রাখা যেতে পারে। প্রত্যেক পরীক্ষার্থীর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তা হলো, একটি প্রশ্নোত্তর খুব বেশি বড় করার চেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর করা আবশ্যক। মনে করো, গ-এর উত্তরের জন্য তোমার নির্দিষ্ট সময় ৮ মিনিট এবং তা ৮ মিনিটের মধ্যেই তোমাকে শেষ করতে হবে। ব্যবসায় পরিচিতি বিষয়ের অর্থ ও ব্যাংকিং অধ্যায়, ক্ষুদ্র ও কুটিরশিল্প, বিমা, বাজারজাতকরণ, পাইকারি ও খুচরা ব্যবসায়, আত্মকর্মসংস্থান, পত্র ও ব্যবসায়িক যোগাযোগ অধ্যায়গুলো ভালো করে রিভিশন করবে। তা ছাড়া ভূমিকা অধ্যায় ও সংগঠন অধ্যায়টিও নৈর্ব্যক্তিক ও সৃজনশীল—উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। বহুনির্বচনী প্রশ্নোত্তরের জন্য সর্বদাই পাঠ্যবইটিকে ভালো করে অনুশীলন করতে হবে এবং প্রাক-নির্বাচনী, নির্বাচনী ও বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো অনুশীলন করবে। আমি গুরুত্বের সঙ্গে বলতে চাই, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার বোর্ডের প্রশ্নগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে।ব্যবসায় উদ্যোগব্যবসায় উদ্যোগ বিষয়টি মূলত হিসাববিজ্ঞান ও ব্যবসায় পরিচিতির একটি সমন্বিত অংশ। সৃজনশীল নিয়মে উত্তরের ক্ষেত্রে ব্যবসায় পরিচিতির মতো ব্যবসায় উদ্যোগ বিষয়েও একইভাবে সময় বণ্টন করে নিতে হবে। প্রশ্নোত্তরের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো মনে রাখলে ভালো নম্বর পাবে বলে আমি মনে করি: ক-এর উত্তর যতটা সম্ভব নৈর্ব্যক্তিক টাইপের হবে। অর্থাৎ এককথায় বা কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র শব্দ ব্যবহার করেও এর উত্তর হতে পারে। খ-এর উত্তর, অর্থাৎ অনুধাবনমূলক উত্তরের জন্য ৪ মিনিট সময়ে যতটা লেখা সম্ভব, ততটুকুই যথেষ্ট। তবে অবশ্যই প্রশ্নের সঙ্গে সংগতি রেখে উত্তর লিখবে। গ ও ঘ প্রশ্ন দুটি মূলত সৃজনশীল। তাই প্রশ্নোত্তরের ক্ষেত্রে উদ্দীপকের বিষয়টি মাথায় রেখে পাঠ্যপুস্তকের পঠিত বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর দেবে। এ ক্ষেত্রে উত্তর অনুচ্ছেদ আকারেও হতে পারে অথবা পয়েন্ট আকারেও হতে পারে। উত্তরের জন্য সময় রাখবে ৮ মিনিট। ঘ অংশটি হচ্ছে উচ্চতর দক্ষতার স্তর। এখানে মতামত, ব্যাখ্যা-বিশ্লেষণ ও যুক্তি চাওয়া হতে পারে। এ অংশটিতে ভালো উত্তরের জন্য উদ্দীপকের বিষয়ের আলোকে প্রথমে বিভিন্ন যুক্তি বা তথ্য অনুচ্ছেদ বা পয়েন্ট আকারে উপস্থাপন করবে এবং উপসংহারে তোমার সংক্ষিপ্ত মতামত প্রদান করবে। উত্তরের জন্য সময় রাখবে ৮ বা ৯ মিনিট।