পরিবেশ পরিচিতি বিজ্ঞান
অধ্যায়-১২ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য রয়েছে বিজ্ঞান বিষয়ের ওপর অধ্যায়-১২ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: জ্যোতিষ্ক কাকে বলে? কয়েকটি জ্যোতিষ্কের নাম লেখো। উত্তর: রাতে পরিষ্কার নীল আকাশের দিকে তাকালে অসংখ্য আলোকবিন্দুকে মিটমিট করে জ্বলতে দেখা যায়। আকাশে দিনের সূর্য, রাতে চাঁদ এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঝিকমিক করা এই আলোক বিন্দুগুলোকে বলে জ্যোতিষ্ক। কোন কোন জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে। যেমন— সূর্য। আবার কোনো জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই। যেমন— চাঁদ। কয়েকটি জ্যোতিষ্কের নাম হলো—সূর্য, চন্দ্র, শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, নক্ষত্র।প্রশ্ন: সন্ধ্যাতারা ও শুকতারা কখন কোথায় দেখা যায়?উত্তর: সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যাতারা এবং ভোর রাতে পূর্বাকাশে শুকতারা দেখা যায়। সন্ধ্যাতারা এবং শুকতারা রূপে যে জ্যোতিষ্কটি আমরা দেখতে পাই, সেটি আসলে তারা নয়; এটি একটি গ্রহ। এর নাম শুক্র গ্রহ। প্রশ্ন: পৃথিবী তার অক্ষের চারদিকে একবার এবং সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে? এই দুই ধরনের গতির নাম কী?উত্তর: পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে এবং সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে। এই দুই ধরনের গতির নাম ১. আহ্নিক গতি ২. বার্ষিক গতি। প্রশ্ন: আহ্নিক গতি কাকে বলে? আহ্নিক গতির বর্ণনা দাও।উত্তর: পৃথিবী গতিশীল। পৃথিবী তার মেরু রেখার ওপর পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে। পৃথিবীর তার মেরুরেখার ওপর একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। এ ২৪ ঘণ্টাকে বলা হয় এক দিন। পৃথিবীর এ দৈনিক গতির নাম আহ্নিক গতি। এ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেই অংশে দিন এবং অপর অংশে রাত থাকে। আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়ে থাকে। প্রশ্ন: সৌরজগৎ কী? সৌরজগতের সদস্য কারা?উত্তর: সূর্যকে ঘিরে তার চারদিকে আবর্তিত গ্রহ ও উপগ্রহ নিয়ে যে জগৎ, তাকে সৌরজগৎ বলে। সূর্যকে কেন্দ্র করে যেসব গ্রহ-উপগ্রহ নির্দিষ্ট পথে ঘুরছে তারাই সৌরজগতের সদস্য। সৌরজগতের সদস্য ৮টি গ্রহ, ৪১টি উপগ্রহ। একসময় প্লুটোকে গ্রহ বলা হতো। এখন বিজ্ঞানীরা প্লুটোকে গ্রহ বলেন না।প্রশ্ন: কক্ষপথ কী?উত্তর: পৃথিবী নিজ অক্ষের ওপর অবিরাম ঘুরছে এবং একটি নির্দিষ্ট পথে সূর্যকে প্রদক্ষিণ করছে। পৃথিবী সূর্যকে যে নির্দিষ্ট পথে প্রদক্ষিণ করে, সেই পথকে বলা হয় কক্ষপথ। পৃথিবীর মতো প্রতিটি গ্রহের পৃথক পৃথক কক্ষপথ রয়েছে।