পরিবেশ পরিচিতি সমাজ
অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-১১ থেকে গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রশ্ন: সংক্ষেপে উত্তর দাও।ক) মহাস্থানগড় ব্রাহ্মীলিপি থেকে কী জানা যায়?উত্তর: বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থান গড়ের অবস্থান। পুণ্ড্রনগরে ব্রাহ্মীলিপিতে লেখা একটি খণ্ডিত শিলালিপি পাওয়া গেছে। এর নাম মহাস্থান ব্রাক্ষীলিপি। এ শিলালিপিতে ‘পুণ্ড্রনগর’-এর উল্লেখ রয়েছে। এ থেকে ধারণা করা হয়, এটি পুণ্ড্রনগর অঞ্চলে মৌর্য শাসনের প্রাচীনতম সাক্ষ্য বহন করছে। এ শিলালিপি বাংলার যেকোনো অঞ্চলের মধ্যে প্রথম নগরায়ণের সুনির্দিষ্ট প্রমাণ দেয়। এ লিপি থেকে প্রাকৃতিক দুর্যোগে জনগণকে শাসকবর্গ কর্তৃক সহযোগিতার কথাও জানা যায়। এ ছাড়া পুণ্ড্রনগর অঞ্চলে বিনিময় মাধ্যম হিসেবে কড়ির প্রচলন সম্পর্কে ধারণা পাওয়া যায় ব্রাহ্মীলিপি থেকে।খ) ময়নামতিতে খননকাজ হয়েছে এমন কয়েকটি স্থানের নাম লেখো।উত্তর: কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে ময়নামতির অবস্থান। প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নির্দশন হলো কুমিল্লার ময়নামতি। ময়নামতিতে খননকাজের জন্য ৫০ এর বেশি স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সামান্য পরিসরে নয়টির খননকাজ সম্পন্ন হয়েছে। খননকাজ হয়েছে এমন কয়েকটি স্থানের নাম হচ্ছে—১) শালবন বিহার ২) আনন্দ বিহার ৩) ভোজ বিহার ৪) ময়নামতি প্রাসাদ টিলা ৫) রূপবান মুরা ৬) কুটিল মুরা। ৭) চারপত্র মুরা ৮) ইটাখোলা মুরা ৯) ময়নামতি টিলা ইত্যাদি উল্লেখযোগ্য।গ) ময়নামতিতে প্রাপ্ত নিদর্শন সামগ্রীর গুরুত্ব কী?উত্তর: ১৯৫৫ সালের জানুয়ারি মাসে এখানে প্রত্নতত্ত্বের সন্ধানে খনন কাজ শুরু হয়। ময়নামতিতে খনন কাজ চালিয়ে বেশ কিছু তাম্রশাসন ও মূর্তি পাওয়া গেছে। এ ছাড়া অনেক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়া মাটির সিল, মূর্তি ইত্যাদি এখানকার জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এসব সামগ্রী থেকে আট থেকে বার শতক সময়কালে দক্ষিণ-পূর্ব বাংলার তৎকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা সম্বন্ধে জানা যায়। বাংলার এ অঞ্চলে বৌদ্ধ সভ্যতার উদ্ভব, বিকাশ ও ধ্বংসের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো ময়নামতি। অর্থাৎ ময়নামতির প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করার সুযোগ করে দিয়েছে।ঘ) পাহাড়পুরের প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের নাম লেখো।উত্তর: নওগাঁ জেলার বদলগাছি থানার একটি গ্রামের নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। খননের ফলে পাহাড়পুরে সোমপুর মহাবিহার নামে এক বিরাট বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই বিরাট স্থাপনার চারিদিকে রয়েছে বসবাসের জন্য ১৭৭টি কক্ষ, বড় প্রবেশ পথ, অসংখ্য নিবেদন স্তূপ ও মন্দির।পাহাড়পুর আবিষ্কৃত সোমপুর বিহার পাল বংশের শাসক ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। এ ছাড়া পাহাড়পুরে বিভিন্ন সময়ে নির্মিত আরও কিছু ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এসব ধ্বংসাবশেষের মধ্যে উল্লেখযোগ্য হলো স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির ও সত্যপীর ভিটা।ঙ) সোনারগাঁয়ে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি নিদর্শনের নাম উল্লেখ করো।উত্তর: ঢাকা শহর থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সোনারগাঁয়ের অবস্থান। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। সোনারগাঁ ছিল মধ্যযুগে বাংলার মুসলিম শাসকদের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র। সোনারগাঁয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। বর্তমানে যেসব নিদর্শন বিদ্যমান আছে তার মধ্যে অধিকাংশই হচ্ছে সুলতানি ও মোগল আমলের। আর এসব নিদর্শনের বেশির ভাগই হলো ধর্মীয় ইমারত। ধর্মীয় ইমারত ছাড়া রয়েছে মোগল আমলের কয়েকটি সেতু এবং ইংরেজ আমলের কয়েকটি আবাসিক বাসভবন। আরও রয়েছে বড় দিঘি। ধর্মীয় ইমারতগুলোর মধ্যে রয়েছে মসজিদ, মঠ, দরগাহ, সরদারবাড়ি, পানাম নগরের ধ্বংসাবশেষ এবং গিয়াসউদ্দিন আযম শাহের সমাধি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল