পরিবেশ পরিচিতি সমাজ
অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-১১ থেকে গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব। সংক্ষেপে উত্তর দাও।গ) জনসংখ্যার দ্রুত বৃদ্ধি শিশুর শিক্ষাকে কীভাবে প্রভাবিত করে?উত্তর: শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার ৪৫ দশমিক ৩। অর্থাৎ দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নিরক্ষর। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এ অবস্থার জন্য প্রধানত দায়ী। দেশের সীমিত সম্পদ দিয়ে সরকারের পক্ষে বাড়তি জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে পরিবার বড় হওয়া ও দারিদ্র্যের কারণে অনেক মা-বাবাও সন্তানদের শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এ কারণে বিদ্যালয়ে পড়ার উপযোগী শিশু-কিশোরদের অনেকেই শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।ঘ) বাংলাদেশে জনসংখ্যার হ্রাসবৃদ্ধির কারণ কী?উত্তর: বাংলাদেশে জনসংখ্যার হ্রাসবৃদ্ধি ঘটে তিনটি কারণে। যথা—জন্ম, মৃত্যু ও দেশান্তর। জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা বাড়ে। এ ছাড়া বহিরাগমনের কারণে অধিকসংখ্যক বিদেশি এসে বসবাস শুরু করলেও জনসংখ্যা বৃদ্ধি পায়। তবে বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা খুব কম। সাধারণত অধিক জন্মহারের কারণেই এ দেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে অধিক জন্মহারের বিভিন্ন কারণ রয়েছে। কয়েকটি অন্যতম কারণ হলো—শিক্ষার অভাব: আমাদের দেশে সাক্ষরতার হার অনেক কম। লোকজন শিক্ষিত হলে নিজের ভালোমন্দ সম্পর্কে সচেতন থাকবে। পরিবার, সমাজ ও দেশের কল্যাণের কথা ভাববে। ফলে পরিবার ছোট রাখতে পারবে। কিন্তু শিক্ষার অভাবে আমাদের দেশে অধিকাংশ মানুষ এ বিষয়ে সচেতন নয়।নারী শিক্ষার অভাব: আমাদের দেশে নারী সাক্ষরতার হার খুবই কম। গ্রামে এই হার আরও কম। সাক্ষরতার নিম্নহার দেশের জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ।বাল্যবিবাহ: বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। কিন্তু এ দেশের এখনো বাল্যবিবাহ প্রচলিত আছে। বিশেষ করে গ্রাম এলাকায় ও দরিদ্র পরিবারে এ ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। ফলে জনসংখ্যা দ্রুত বাড়ছে।অধিক শিশুমৃত্যু: অনেক দেশের তুলনায় আমাদের দেশের শিশুমৃত্যুর হার অনেক বেশি। শিশুদের মৃত্যুহার বেশি বলে ভবিষ্যতের কথা ভেবে বাবা-মা অধিক সন্তান চান। ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়।ঙ. আমাদের দেশে নারীর সামাজিক পদমর্যাদা বৃদ্ধির উপায়গুলো লেখো। উত্তর: দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাই বাংলাদেশের উন্নয়নের গতিধারা ত্বরান্বিত করার জন্য নারীদের সামাজিক পদমর্যাদা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধির বিভিন্ন উপায় হলো— ১. নারীশিক্ষার প্রসার ২. নারীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ৩. নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি ৪. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ।