উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। এবারে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবসায়নীতি ও প্রয়োগ বিষয়ে।সৃজনশীলপদ্ধতিউচ্চমাধ্যমিক পরীক্ষায় নতুন পদ্ধতি। তোমরা স্কুল পর্যায়ে সৃজনশীল পদ্ধতির সঙ্গে ব্যাপকভাবে পরিচিত হয়েছ। সৃজনশীল পদ্ধতির ক্ষেত্রে প্রথম কাজ পাঠ্যসূচির বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে বুঝে নেওয়া। মনে রাখতে হবে, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবসায়নীতি ও প্রয়োগ বিষয়ে নৈর্ব্যক্তিক ৪০ নম্বর এবং সৃজনশীল ৬০ নম্বরের। রসায়ন বিষয়ে নৈর্ব্যক্তিক ৩৫ নম্বর এবং সৃজনশীল ৪০ নম্বরের।নৈর্ব্যক্তিকের জন্য পুরো বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে কৌশলে আয়ত্ত করতে হবে। এতে জ্ঞানমূলক প্রশ্নোত্তর জানা বিষয়ের ভিত্তিতে সহজেই দিতে পারবে।সৃজনশীল প্রতিটি প্রশ্নে উদ্দীপক থাকবে এবং জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা—এই চারটি পর্যায়ের প্রশ্ন থাকবে। (ক) ১ নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন তোমার জানা তথ্য থেকেই থাকবে। (খ) ২ নম্বরের অনুধাবন তোমার পাঠ্য বিষয় কতটুকু বুঝেছ, তার ভিত্তিতেই দিতে হবে। (গ) ৩ নম্বরের প্রয়োগ উদ্দীপকের আলোকে বইয়ের সঙ্গে নিজের ধারণা বা জ্ঞানের সমন্বয় করতে হবে। এ জন্য উদ্দীপকটি ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। (ঘ) ৪ নম্বরের উচ্চতর দক্ষতার প্রশ্নোত্তর পাঠ্যপুস্তকের আলোকে নিজের মতামতকে প্রাধান্য দিয়ে উত্তর দিতে হবে অনধিক আট থেকে দশটি বাক্যে। মনে রাখতে হবে, সৃজনশীল পদ্ধতিতে পাঠ্যবই অনুধাবনের সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রের প্রশ্নগুলো সার্বিকভাবে বুঝে নিতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত নম্বর পাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না।যেকোনো পদ্ধতির প্রশ্নোত্তর দ্রুত, নির্ভুল ও যথাযথভাবে দিতে গেলে অনুশীলনের বিকল্প নেই। পরিচ্ছন্ন উত্তরপত্র, সুন্দর ও পরিষ্কার হাতের লেখা এবং যথাযথ প্রশ্নোত্তর তোমাকে ভালো নম্বরের নিশ্চয়তা দেবে। বিজ্ঞান শাখার বিষয়গুলোর প্রশ্নোত্তর হবে যথাসম্ভব সংক্ষিপ্ত ও যথার্থ। গাণিতিক সমস্যাগুলোর ক্ষেত্রে একক সঠিকভাবে উত্তরের সঙ্গে লিখতে হবে। ব্যবসায় শিক্ষার উত্তরগুলো গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। ইংরেজি দ্বিতীয় ও বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই ভেবেচিন্তে দিতে হবে।উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি হাতে পেয়েছো, এখন একটি পরীক্ষা পরিকল্পনা করে নেবে, যাতে বিষয়ভিত্তিক পড়াশোনার সামঞ্জস্য থাকে। যে পরীক্ষার আগে প্রচুর গ্যাপ আছে, তার জন্য এক রকম এবং যে পরীক্ষার আগে গ্যাপ কম, তার জন্য সেভাবে তৈরি হবে।পরীক্ষা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পড়াশোনা করলে যেকোনো প্রশ্ন তোমার কাছে সহজ ও আকর্ষণীয় হয়ে উঠবে। পাঠ্যপুস্তকের আলোকেই প্রশ্ন প্রণয়ন হবে। তাই আবারও বলবো, কোনো নোট বা গাইড না পড়ে মূল বইকে ভালোভাবে পড়ে তোমার বোধ ও সৃজনশীলতাকে বাড়িয়ে নিতে হবে।