জেনে রাখুন:১. গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার জন্য একই সঙ্গে দুটি উত্তরপত্র দেওয়া হবে। প্রথমে গাণিতিক যুক্তির উত্তর দিতে হবে। দুই ঘণ্টা পর গাণিতিক যুক্তির উত্তরপত্র তুলে নেওয়া হবে। তখন মানসিক দক্ষতা পরীক্ষার জন্য ওএমআর ফর্মের উত্তরপত্রে উত্তর দেওয়া শুরু করতে হবে। এর জন্য কালো কালির বল পয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। ২. পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নামে নতুন করে কোনো প্রবেশপত্র জারি করা হবে না। প্রিলিমিনারি (অবজেকটিভ) টেস্টের জন্য জারিকৃত/প্রদত্ত প্রবেশপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষায় ব্যবহূত হবে। কাজেই পরীক্ষার্থীদের প্রিলিমিনারি টেস্টের জন্য জারি করা প্রবেশপত্র সাবধানতার সঙ্গে সংরক্ষণ করতে হবে এবং প্রত্যেক পরীক্ষার দিন প্রবেশপত্রসহ পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।৩. পরীক্ষার হলে বইপুস্তক, ব্যাগ, মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগের যন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ। ক্যালকুলেটর আনা যাবে, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর নয়। ৪. লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। ৫. পরীক্ষার হলে পরিদর্শক প্রার্থীর প্রবেশপত্রের সঙ্গে পরিচিতি প্রতিপাদনের ছবি এবং স্বাক্ষর পরীক্ষা করে হাজিরা তালিকায় প্রার্থীর স্বাক্ষর গ্রহণ করবেন। কোনোরূপ অনিয়ম ধরা পড়লে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। #২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা লিথো কোড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে প্রচলিত খাতায় প্রথম পৃষ্ঠায় লিথো কোডের একটি কম্পিউটার ফরম সংযুক্ত থাকবে। ওই ফর্মের ওপরে প্রার্থী কর্তৃক পূরণীয় অংশটি পরীক্ষার্থীকে নিচের নির্দেশমতে পূরণ করতে হবে। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:১. নামের ঘরে পরীক্ষার্থী আবেদনপত্রে এবং প্রবেশপত্রে উল্লেখ অনুযায়ী তাঁর নাম লিখবেন এবং স্বাক্ষরের ঘরে স্বাক্ষর করবেন। বিষয়ের নামের ঘরে ‘২৯তম বিসিএস লিখিত পরীক্ষা’ লিখবেন। ২. পরীক্ষাকেন্দ্রের ঘরে প্রার্থীর জন্য প্রযোজ্য বৃত্তটি পূরণ করবেন। ৩. নিবন্ধন নম্বরের ঘরে প্রার্থীর প্রবেশপত্রে উল্লিখিত নিবন্ধন নম্বরটি ওপরের ঘরে লিখে নিচের সংশ্লিষ্ট বৃত্তগুলো পূরণ করবেন।৪. বিষয় কোডের ঘরে এই পরীক্ষাসূচির প্রথমাংশে আবশ্যক এবং পদসংশ্লিষ্ট বিষয়ের নামের পাশে উল্লিখিত প্রার্থীর জন্য প্রযোজ্য তিন ডিজিটের কোড নম্বরটি প্রার্থী লিথো কোড ফর্মের বিষয় কোডের ঘরে ওপরের ফাঁকা অংশে লিখে নিচের সংশ্লিষ্ট তিনটি বৃত্ত পূরণ করবেন। যেমন, বাংলা প্রথম পত্র বিষয়ের কোড ০০১। সে ক্ষেত্রে বিষয় কোডের ঘরে ০০১ লিখে নিচের কোডের তিনটি বৃত্ত পূরণ করতে হবে। ৫. অতিরিক্ত খাতার ক্রমিক নম্বরের ঘরটি প্রযোজ্য সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। যেমন, কোনো প্রার্থী অতিরিক্ত খাতা গ্রহণ না করলে ০ (শূন্য) বৃত্তটি পূরণ করবেন। কোনো প্রার্থী একটি খাতা নিলে ১ নম্বর বৃত্ত, দুটি খাতা নিলে ২ নম্বর বৃত্ত এবং তিনটি খাতা নিলে ৩ নম্বর বৃত্তটি পূরণ করবেন। ৬. সাদা মূল এবং অতিরিক্ত উত্তরপত্রে প্রার্থী তাঁর নাম, নিবন্ধন নম্বর ইত্যাদি কোনোভাবেই লিখবেন না। ৭. লিথো কোডের সংশ্লিষ্ট বৃত্তগুলো কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। ৮. যে সেটে পরীক্ষা দেওয়া হচ্ছে, হলের প্রত্যেক কক্ষে সে সেটের নাম স্পষ্টভাবে ঘোষণা করা হবে এবং প্রার্থী নিশ্চিত হবেন, ঘোষিত সেটের প্রশ্ন তিনি পেয়েছেন।