পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার যুগ এখন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহ আবু সায়ীদ। শিক্ষাবিদ। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান। সৃজনশীল প্রশ্ন পদ্ধতির অন্যতম সংগঠক। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নিয়ে বলেছেন দরকারি কথা।৩এই প্রেক্ষাপটে দেশে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হয়েছে। যুগান্তকারী এই পদক্ষেপ। কেননা এই প্রশ্নপদ্ধতি চালু হওয়ার সঙ্গে সঙ্গে এ দেশের চিরকালের মুখস্থসর্বস্ব শিক্ষাপদ্ধতির অবসান হয়েছে, শুরু হয়েছে বুদ্ধিনির্ভর, চিন্তানির্ভর, কল্পনানির্ভর, প্রশ্নময়, জিজ্ঞাসাময় সজাগ এক শিক্ষাপদ্ধতি। এখন আর ছাত্রছাত্রীরা পাঠ্যবইয়ের ৯০ ভাগকে উপেক্ষা করে মাত্র ১০ ভাগ থেকে হাতেগোনা গোটাকয় প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা পাস করবে না; এখন তাদের পড়তে হবে গোটা বই—যেহেতু প্রশ্ন হবে গোটা বই থেকে, সীমিতসংখ্যক প্রশ্ন থেকে নয়। এতে ছাত্র বা ছাত্রী হিসেবে তার যা কিছু জানার, সব জানা হয়ে যাবে। পরীক্ষার প্রশ্ন কমন পাওয়ার যুগ এখন শেষ, আগামী ৫০০ বছরেও পরীক্ষায় কোনো প্রশ্ন আর কমন পড়বে না। বইগুলো ছাত্রছাত্রীরা পড়বে ভেবে ভেবে, বুঝে বুঝে, আনন্দ করে- প্রতিটি বিষয় রসিয়ে আস্বাদ করে, জীবনের সঙ্গে মিলিয়ে। ফলে প্রতিটি বই তাদের জাগিয়ে তুলবে এক নতুন অবারিত চিন্তারাজ্যে। এতে তাদের বুদ্ধির জড়ত্ব আর চিন্তার মূঢ়তা কমবে, তারা হয়ে উঠবে পৃথিবীর যেকোনো দেশের মেধাবী ছাত্রছাত্রীদের সমকক্ষ। শুধু এই প্রশ্নপদ্ধতি বদলের কারণে বুদ্ধির চর্চা, চিন্তার চর্চা, সৃজনশীলতার চর্চার ভেতর দিয়ে তারা হয়ে উঠবে মননশীল বুদ্ধিদীপ্ত কল্পনাসমৃদ্ধ যোগ্য, দক্ষ ও বাস্তববোধসম্পন্ন মানুষ। এই পরীক্ষাপদ্ধতির বিরুদ্ধে কিন্তু লোক কম নেই। দুবার আমাকে এদের তোপের মুখে পড়তে হয়েছে। একবার মহিলারা আমার গাড়ি ঘেরাও করেছিলেন। ভাগ্য যে খবরটা কাগজে বের হয়নি। মহিলারা মানে মায়েরা, অভিভাবিকারা। অভিভাবিকাদের অনেকেই মধ্যবিত্ত বা আধা-উচ্চবিত্ত পরিবারের গৃহবধূ। অনেকেরই বাড়িতে খুব একটা কাজ নেই। এঁদের সারা দিনের একটা বড় কাজ ছেলেটাকে বা মেয়েটাকে একের পর এক স্কুলে, কোচিং সেন্টারে আর প্রাইভেট টিউটরের কাছে নিয়ে যাওয়া; তাকে ভেতরে পাঠিয়ে অপেক্ষমাণ অন্য অভিভাবিকাদের সঙ্গে আড্ডা জমিয়ে নিঃশব্দতা থেকে বাঁচার চেষ্টা করা। সৃজনশীল প্রশ্নপদ্ধতি শুরু হয়েছে মানে, তাঁর ওই চাকরি চলে গেছে। সারা দিন তাঁরা তাহলে করবেন টা কী? আর একধরনের অভিভাবিকা আছেন, যাঁরা সন্তানদের নিয়ে একইভাবে স্কুল, প্রাইভেট টিউটর আর কোচিং সেন্টারে সারা দিন ঘুরে বেড়ান। এঁরা ঘোরেন অন্য কারণে। সন্তানের লেখাপড়া নিয়ে এমনই আতঙ্কে ভোগেন যে সকাল থেকে রাত পর্যন্ত সন্তানকে নির্যাতন করে পড়াশোনার অমানুষিক চাপের মধ্যে রাখেন। ক্লাস ফোরের শিশুর ওপর পড়াশোনার এমন চাপ দেন, যেন তাকে দিয়ে পিএইচডি করাচ্ছেন। সন্তান সারা দিনের এতটুকু সময় পাঠ্যবই পড়া ছাড়া অন্য কিছু করলে তাঁরা পুরো অসুস্থ হয়ে ওঠেন। সন্তানকে নিয়ে তাঁদের সারা দিনের একমাত্র কাজ স্কুল, প্রাইভেট টিউটর, কোচিং সেন্টারের দরজায়- এই কাজগুলো থেকে বঞ্চিত করলে তাঁরা তো আরও অসুস্থ হয়ে পড়বেন। আগেই বলেছি, এ প্রশ্ন চালু হলে শিক্ষার সঙ্গে জড়িত সীমিতসংখ্যক প্রশ্ন মুখস্থ করে তখন আর পরীক্ষায় পাস করা যাবে না। এ দেশে শিক্ষকদের এত যে প্রাইভেট পড়ানো, এত নোট আর সাজেশন, এত কোচিং সেন্টার, দেশব্যাপী পর্বতপ্রমাণ নোট বইয়ের এত যে জমজমাট বিপুল ব্যবসা- এ সবকিছুরই মূলে তো ওই সীমিতসংখ্যক প্রশ্ন। এ বিলুপ্ত হলে এসবের মিলিত কায়েমি স্বার্থ তো পুরো ধসে যাবে। সুতরাং এর বিরুদ্ধে আছে প্রাইভেট টিউটর, আছে হাজার হাজার কোচিং সেন্টারের মালিক, আছে নোট ব্যবসায়ীদের সুসংগঠিত শক্তিশালী সিন্ডিকেট। সে সঙ্গে আছেন সারা দেশের অভিভাবক-অভিভাবিকারা, যাঁরা না বুঝে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কাজেই এ যুদ্ধ কুসুমাস্তীর্ণ নয়। তবু এই উন্নততর শিক্ষাপ্রক্রিয়াকে আজ আমাদের বাঁচাতেই হবে। আজ আমরা স্বাধীন। আমাদের ভাগ্য আজ আমাদেরই গড়তে হবে। জাতির মধ্যে চিন্তা, বুদ্ধি, মনন বা ধীশক্তির জাগরণ না হলে, মানুষ সৃজনশীল বা আত্মবিশ্বাসী হয়ে না উঠলে, এ আমরা পারব কী করে? কথা শেষ করি। সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রচলনের সঙ্গে সঙ্গে আমাদের দেশে মুখস্থের যুগ মোটামুটি শেষ হবে। এককথায়, মুখস্থকারী বোকাদের যুগ শেষ হয়ে চিন্তাশক্তিসম্পন্ন বুদ্ধিমানদের যুগ শুরু হবে। স্মৃতিশক্তির জায়গা নেবে বুদ্ধি ও প্রতিভা। ফলে আগামী দিনের ছাত্রছাত্রীরা আর আগের ছাত্রছাত্রীদের মতো থাকবে না। এত দিন যাদের আমরা ভালো ছাত্র বলতাম, তারাও আর ভালো ছাত্র হিসেবে বিবেচিত হবে না—ভালো ছাত্র হবে অন্যেরা—মেধাবীরা, প্রত্যুৎপন্নমতিরা, ধীশক্তিমানেরা। এখন থেকে যারা ভাবতে পারবে, চিন্তা করতে পারবে, বাস্তব পৃথিবীর দিকে তাকিয়ে এর গভীরকে আবিষ্কার করতে পারবে, জগৎ ও জীবনের বিস্ময়কে মেলে মেলে বিশ্লেষণ করে আত্মস্থ করতে পারবে, নানা রকম বই বা পত্রপত্রিকা পড়বে, জিজ্ঞাসাপ্রবণ, সজাগ ও বাস্তবজ্ঞানসম্পন্ন মানুষ হবে তারাই এগিয়ে যাবে। ফলে এই পদ্ধতি আমাদের শিক্ষা ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন আনবে। আর একটা কথা। এখন পর্যন্ত আমাদের শিক্ষাপদ্ধতি ছাত্রকেন্দ্রিক নয়, শিক্ষককেন্দ্রিক। প্রফেসর এখানে একধরনের ‘প্রফেট’-এর মতো। ‘প্রফেটরা’ যেমন হাত উঁচু করে বলেন, হে মানবজাতি, তোমরা আমার কথা শোনো, আমাদের শিক্ষকেরাও উঁচু বেদির ওপর দাঁড়িয়ে তেমনি ছাত্রদের উদ্দেশে ভাষণ দিয়ে যান। বিদ্যাচর্চা, আত্মোন্নতি, পড়াশোনা, বক্তৃতা, বাণী- সব এখানে শিক্ষকদের। শিক্ষক এখানে সক্রিয়, ছাত্ররা নিষ্ক্রিয়। অথচ যেকোনো ভালো শিক্ষাব্যবস্থায় ছাত্রদেরই হওয়া উচিত সক্রিয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোরও শিক্ষককেন্দ্রিক হওয়ার বদলে হওয়া উচিত ছাত্রকেন্দ্রিক। কেননা, যাদের বিকাশের জন্য গোটা শিক্ষাঙ্গনের এমন উৎকণ্ঠিত বিপুল আয়োজন, তারা তো শিক্ষক নয়, ছাত্র। ছাত্র সেখানে পড়বে, ভাববে, স্বপ্ন দেখবে, আকাশ জয় করতে জেগে উঠবে, শিক্ষক তার পাশে দাঁড়িয়ে সেই দুঃসাধ্যের পথে তাকে বন্ধুর মতো সহযোগিতা দিয়ে যাবেন। এভাবে আমাদের দমনমূলক ও কর্তৃত্বমূলক শিক্ষাব্যবস্থা হয়ে উঠবে বন্ধুত্বমূলক। ছাত্র-শিক্ষকের সৌহার্দ্যে, সহযোগিতায়, অন্তরঙ্গতায়, উষ্ণতায় অন্তরঙ্গ ও আনন্দময়। আরব্যোপন্যাসে একটা অতিকায় দৈত্যের গল্প রয়েছে, তার পা মাটিতে, মাথা আকাশে। অন্তহীন অসীম তার ক্ষমতা। সে পারে না পৃথিবীতে এমন কিছুই প্রায় নেই। কিন্তু একটা ব্যাপারে সে বিপদগ্রস্ত। তাকে বন্দী রাখা হয়েছে একটা মুখ-বন্ধ মাটির কলসির ভেতরে। আমাদের দেশের কোটি কোটি শিশুর মধ্যেও তেমনি বন্দী হয়ে রয়েছে এমনই অসম্ভব ক্ষমতাসম্পন্ন কোটি কোটি দৈত্য, যাদের অজেয় কিছু নেই। কলসির মুখ খুলে তাদের বের করে আনতে পারলে আমাদের তরুণেরা যেকোনো দেশের তরুণদের মতোই অসাধ্য সাধন করতে পারবে। বুদ্ধির জড়তা, চিন্তার বৈকল্য, মননের জাড্য, স্বপ্নের দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে তাদের খোলা হাওয়ায় এনে দাঁড় করাতে পারলে তারা এ জাতির জন্য একটা উন্নত ভবিষ্যৎ উপহার দিতে পারবে। সৃজনশীল প্রশ্নপদ্ধতি এ ব্যাপারে একটা বড় ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। শেষ।