পরীক্ষায় প্রশ্নের নম্বর অনুপাতে সময় ব্যয় করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক শিক্ষার্থীর জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলাফলের ওপর নির্ভর করে একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষার ভবিষ্যত্। একজন শিক্ষার্থী তার পছন্দের বিষয় নিয়ে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কি না, তা নির্ভর করে এ পরীক্ষার ফলাফলের ওপর। পরীক্ষায় ভালো নম্বর তোলার ক্ষেত্রে পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা একটি খুবই জরুরি বিষয়।
সময়ের সঠিক ব্যবহার করতে না পারার জন্য যদি কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসতে হয়, তাহলে নম্বর কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই পরীক্ষার হলে ঘড়ি নিয়ে যাওয়া জরুরি। যে যে বিষয়ে তোমার দুর্বলতা আছে, সেই বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দিতে হবে। সৃজনশীল প্রশ্নপদ্ধতির মাধ্যমে মুখস্থনির্ভরতা কমিয়ে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ কি না, এটা যাচাই করার চেষ্টা চলছে। সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে যেহেতু মুখস্থ করার কোনো সুযোগ নেই, তাই যদি মনে করো কোনো বিষয় এখনো বুঝতে পারছ না, তাহলে শিক্ষকের সহায়তা গ্রহণ করবে। যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, তাই সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সম্পূর্ণ প্রশ্নপত্রটি ভালো করে পড়ে সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের উত্তর লেখা শুরু করবে।
যেগুলো তোমার কাছে তুলনামূলক সহজ এবং সাবলীলভাবে উত্তর দিতে পারবে বলে তুমি মনে করো, সে প্রশ্নের উত্তর দিয়েই লেখা শুরু করবে। উত্তর লেখার সময় খেয়াল রাখতে হবে, ওই প্রশ্নে যে নম্বর তার অনুপাতে সময় যেন বেশি না লাগে। এভাবে প্রশ্নের চাহিদা অনুযায়ী সব প্রশ্নের উত্তর দিতে হবে। শুরুতে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সম্পূর্ণ রিভিশন দেওয়ার জন্য কিছু সময় বরাদ্দ রাখতে হবে। কোনো বানান ভুল বা কোনো পয়েন্ট বাদ পড়েছে, এমন মনে হলে রিভিশনের সময় সেটা সংযোজন করতে হবে।

আবুল হোসেন
অধ্যক্ষ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ