চলতি এসএসসি পরীক্ষায় কীভাবে লিখলে তোমার লেখা দ্রুত, সুন্দর ও শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম মান থাকবে সেদিকে নজর রাখা জরুরি। বিশেষ করে এক নজরে যেন হাতের লেখা সুন্দর দেখায় সেদিকে খেয়াল রেখো। ১. লেখা যেন বেশি বড় বড় বা বেশি ছোট না হয় এ জন্য প্রতি পৃষ্ঠায় লেখার সাইজ অনুযায়ী ১৫ থেকে ১৮ লাইন লিখবে। ২. এক লাইন থেকে অন্য লাইনের মধ্যে পরিমাণমতো ফাঁকা দেবে। ৩. প্যারা থেকে প্যারার মাঝে আধ ইঞ্চি সমপরিমাণ ফাঁকা দেবে। ৪. বায়ে ও ওপরে সোয়া এক ইঞ্চি মার্জিন রাখবে। ৫. ডানে কোনো মার্জিন থাকবে না, তবে অবশ্যই অর্ধ ইঞ্চি এবং নিচে এক ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখবে। ৬. কাটাকাটি, হিজিবিজি করে না কেটে একটান দিয়ে কেটে দাও। ৭. লেখার পরে যদি ভুল ধরা পরে তবে একটান দিয়ে কেটে দিয়ে ওই লেখার ওপরে নতুন করে লিখে দিবে। ৮. অনেকের শেষের দিকের লেখা বেশি খারাপ হয়ে থাকে সে ক্ষেত্রে সবগুলো পৃষ্ঠায় লেখার মান যদি একই রকম রাখতে চাও তবে তোমার হাতের লেখার স্পিড মিনিটে কমপক্ষে ২০টি শব্দ হতে হবে। ৯. অতিদ্রুত বা খুব ধীরে লেখা যাবে না। ১০. অল্প লিখে অনেকে বেশি পৃষ্ঠা দেখাতে চাও এটা মোটেই ঠিক নয়। তবে যারা এ অভ্যাস ত্যাগ করতে পারবে না শুধু তাদেরই বলছি। তোমরা বর্ণ থেকে বর্ণ, শব্দ থেকে শব্দ, লাইন থেকে লাইন, প্যারা থেকে প্যারা এসব ক্ষেত্রে ওপরে উল্লিখিত নিয়মকানুন থেকে একটু বেশি ফাঁকা দিতে পারো। তবে অবশ্যই এ ক্ষেত্রে প্রতি পৃষ্ঠায় ১৩ থেকে ১৫ লাইনের কম লেখা উচিত নয়। ১১. অনেকের হাত তুলনামূলক বেশি ঘামায়, ফলে কলম পিচ্ছিল হয়ে যায়, এ কারণে তোমার হাতের লেখা সুন্দর ও দ্রুত হবে না। এমনকি তোমার ভেজা হাতের কারণে খাতা নষ্ট হতে পারে। এ ধরনের শিক্ষার্থীরা দুটি শুকনো রুমাল রাখবে এবং রাবারযুক্ত কলম ব্যবহার করবে। ১২. মনে রাখবে, তুমি যা লিখতে যাচ্ছো সেটি যদি ভালো মুখস্থ থাকে বা মনে থাকে তাহলে হাতের লেখা বেশি সুন্দর হবে। এ ক্ষেত্রে এ ধরনের উত্তর শুরুতে লেখা উচিত। এইচ এম জারীফ, অধ্যক্ষ, থ্রি ফিংগারস হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট একাডেমি, ঢাকা