পলিটেকনিকে ভর্তির ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ দেশের ১১৪টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনীত​ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd) এই ফল পাওয়া যাবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মেধা তালিকায় আজ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে আগামী ১৬ আগস্ট। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ২ থেকে ২৪ জুলাই শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার একাধিক ধাপে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৬৪টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ভিটিটিআই) দুই পালায় (শিফট) মোট ৫৭ হাজার ৭৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এবার আবেদন করেছিল ১ লাখ ৬৫ হাজার ১৭৭ জন।

শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ জুন পর্যন্ত আবেদন নেওয়া হবে। আর ফল প্রকাশ করা হবে আগামী ১ জুলাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারিগরি) অশোক কুমার বিশ্বাস প্রমুখ।