সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ ব্যবসা পরিচিতি বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। জনাব কামালের বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম মার্কেটে ইলেকট্রনিক দ্রব্যের একটি দোকান রয়েছে। তিনি ঢাকা থেকে বিভিন্ন কোম্পানির বিশেষ কয়েক প্রকার পণ্য ক্রয় করে এনে বগুড়ার খুচরা ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বিক্রি করেন। এতে তাঁর ব্যবসায়ে ভালো মুনাফা হতে থাকে। সম্প্রতি ফিলিপস কোম্পানি সমগ্র বগুড়া অঞ্চলে শুধু তাদের পণ্য নির্দিষ্ট কমিশনের বিনিময়ে বিক্রি করার জন্য তাঁকে প্রস্তাব দেয়। তাই জনাব কামাল বিষয়টি নিয়ে ভাবছেন। ক. বণ্টন প্রণালিতে পাইকারদের অবস্থান কোথায়?খ. পাইকারের প্রথম কাজ কোনটি তা ব্যাখ্যা করো।গ. জনাব কামাল কোন ধরনের পাইকার, তা বর্ণনা করো। ঘ. জনাব কামালের ফিলিপস কোম্পানির প্রস্তাবে রাজি হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো। উত্তর: ক. বণ্টন প্রণালিতে পাইকারের অবস্থান উৎপাদক ও খুচরা ব্যবসায়ীর মধ্যবর্তী স্থানে। উৎপাদক পাইকারি ব্যবসায়ি খুচরা ব্যবসায়ি ভোক্তাউত্তর: খ. পণ্য সংগ্রহ করা পাইকারের প্রথম কাজ। পাইকার সর্বপ্রথম উৎপাদকের কাছ থেকে পাইকারি হারে অধিক পরিমাণে পণ্য সংগ্রহ বা ক্রয় করে থাকেন। তারপর ওই পণ্য গুদামে সংরক্ষণ করে ক্ষুদ্র ক্ষুদ্র লটে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। উত্তর: গ. জনাব কামাল বিশেষ প্রকৃতির ব্যবসায়ী পাইকার। যে বিশেষ পাইকার নিজস্ব পুঁজিতে ব্যবসা করে এবং লাভক্ষতির জন্য নিজেই দায়ী থাকে, তাকে ব্যবসায়ী পাইকার বলে। ব্যবসায়ী পাইকার নিজস্ব পুঁজিতে পণ্য ক্রয় করে এনে বিক্রি করে। উদ্দীপকের জনাব কমাল ঢাকা থেকে বিভিন্ন কোম্পানির বিশেষ কয়েক প্রকার পণ্য ক্রয় করে এনে বগুড়ায় বিক্রি করেন। তাঁর ব্যবসায়ের লেনদেনের জন্য তিনি নিজেই দায়ী থাকেন। তাই জনাব কামাল একজন বিশেষ প্রকৃতির ব্যবসায়ী পাইকার। উত্তর: ঘ. জনাব কামালের ‘কমিশন প্রতিনিধি পাইকার’ হিসেবে ফিলিপস কোম্পানির পণ্য বিক্রয়ের প্রস্তাবে রাজি হওয়া সঠিক হবে। যে বিশেষ পাইকার নির্দিষ্ট কমিশনের বিনিময়ে শুধু তার প্রিন্সিপাল বা মূল উৎপাদকের পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে তাকে কমিশন প্রতিনিধি পাইকার বলে। লেনদেনের লাভ-ক্ষতির জন্য সে দায়ী থাকে না। ব্যবসায়ে লাভ-ক্ষতি যাই-হোক না কেন এ পাইকার নির্দিষ্ট হারে তার প্রিন্সিপালের কাছ থেকে কমিশন লাভ করবে। উদ্দীপকের জনাব কামালকে ফিলিপস কোম্পানি নির্দিষ্ট কমিশনের বিনিময়ে সমগ্র বগুড়া অঞ্চলে পণ্য বিক্রির প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি হওয়া জনাব কামালের যুক্তিযুক্ত হবে। কেননা, কমিশন প্রতিনিধি পাইকার হিসেবে ব্যবসা করলে জনাব কামালের কোনো পুঁজি লাগবে না। তিনি ওই পুঁজি অন্য কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। তা ছাড়া সমগ্র বগুড়া অঞ্চলে পণ্য বিক্রি করলে বিক্রির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং তিনি বিক্রির ওপর প্রচুর কমিশন পাবেন। তাই ওই প্রস্তাবে জনাব কামালের রাজি হওয়া যুক্তিযুক্ত হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল