পাঠ্যবই থেকে প্রতিযোগিতায়

বিকেল চারটা নাগাদ যখন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মিলনায়তেন পা রেখেছি, ততক্ষণে মঞ্চ প্রস্তুত। প্রস্তুত মঞ্চে বসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারটি দলও। আর তাদের পেছনে বড় পর্দায় বড় করে লেখা ‘বাযার মাস্টার’। দলগুলোর সামনে একটা করে ‘বাযার’ও রাখা। বোঝা গেল নিশ্চয়ই কোনো কুইজ প্রতিযোগিতা হতে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হতেই মনে হলো, এই কুইজ একটু অন্য রকম। কারণ, কুইজের বিষয় মূলত পুরকৌশল বা পরিবেশকৌশল। পড়াশোনার বিষয়গুলো এভাবে প্রতিযোগিতার আদলে আকর্ষণীয় হয়ে উঠেছিল ‘সিনোভেশন’ নামের এই আয়োজনে। এই নিয়ে পঞ্চম বারের মতো সিনোভেশন আয়োজন করল আইইউটির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
১১ আগস্ট সকাল থেকেই ঝরছে ইলশেগুঁড়ি বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরের আইইউটিতে হাজির হয়েছিলেন ছয় শর বেশি শিক্ষার্থী। আইইউটি ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ (এমআইএসটি) বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন সিনোভেশনের এবারের আসরে। সকালে উদ্বোধনী পর্বের প্রধান অতিথি হিসেবে ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সাবেক সভাপতি এম শামীম জেড বসুনিয়া এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন আইইউটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর।
বাযার মাস্টারের মতোই বেশ কিছু ভিন্ন প্রতিযোগিতা দিয়ে সাজানো হয়েছিল এবারের সিনোভেশন। উদ্বোধনী পর্বের পর দেখা গেল মঞ্চের সামনে যে যাঁর বানানো ‘সেতু’ নিয়ে প্রস্তুত। পুরকৌশলের ভাষায় যাকে বলা হয় ‘ট্রাস ব্রিজ’। আইসক্রিমের কাঠি দিয়ে শিক্ষার্থীরা এই সেতু বানিয়েছেন। যথেষ্ট হিসাব-নিকাশ করে, মাথা খাটিয়ে বানাতে হয় এই সেতু, যেন এটি পর্যাপ্ত ভার নিতে পারে এবং সহজে ভেঙে না যায়। বিচারকেরা পরীক্ষা করে দেখছিলেন, শিক্ষার্থীরা আসলেই বুঝে বানিয়েছেন কি না আর সামনে স্বেচ্ছাসেবকেরা ভার দিয়ে দেখছিলেন, কারটা কত বেশি ভার নিতে পারে। এই দুই মিলেই পরবর্তী সময়ে ঘোষণা হয় বিজয়ী দলের নাম। এই প্রতিযোগিতা দুটি ছাড়াও ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং, পারসপেক্টিভ ইলাস্ট্রেশন, পোস্টার প্রেজেনটোশন, মেকানিকস অলিম্পিয়াড, ড্রাফটিং কনটেস্ট, সিনে ফেস্ট এবং সিনোভেশন থ্রু ইওর আইস নামের মোট ৯টি ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন ছিল সিনোভেশনে।
এবারের সিনোভেশনে অন্যতম আকর্ষণীয় দিক ছিল ‘চ্যাম্পিয়ন ইউনিভার্সিটি’ শিরোপা। ৯টি ইভেন্টে যে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকে, সেই বিশ্ববিদ্যালয় পায় এই খেতাব। অর্থাৎ ব্যক্তিগত লড়াই ছাড়িয়ে শিরোপার লড়াইটা বিশ্ববিদ্যালয় পর্যায়েও ছিল বটে। সেই লড়াইও কম রোমাঞ্চকর নয়। সব পুরস্কার ঘোষণা শেষে অবশেষে ঘোষিত হয় চ্যাম্পিয়ন বিশ্ববিদ্যালয়ের নাম। হাড্ডাহাড্ডি লড়াইয়ে আয়োজক বিশ্ববিদ্যালয়কে মাত্র এক পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেন বুয়েটের শিক্ষার্থীরা।