পাঠ্যবই পড়, তবেই পরীক্ষায় ভালো করতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকাজুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে ১০০ ও বাংলা দ্বিতীয় পত্রে ১০০ নম্বর থাকবে। বাংলা প্রথম পত্রে ১০০ নম্বরের ৬০ নম্বর বরাদ্দ করা আছে সৃজনশীল (রচনামূলক) অংশের জন্য আর বাকি ৪০ নম্বর বহুনির্বাচনী প্রশ্নের জন্য। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে শিক্ষার্থীদের যে দিকটির প্রতি বিশেষ খেয়াল রাখা দরকার তা হলো সময়। এখানে সময়ের তুলনায় লেখার পরিমাণ বেশি বলে সব প্রশ্নের উত্তর করতে শিক্ষার্থীদের হিমশিম খেতে হয়। তাই শুরু থেকেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে নমুনা প্রশ্ন তৈরি করে সময় ধরে চর্চা করা যেতে পারে। সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর করতে হলে মূল বই বা বোর্ডবইয়ের বিকল্প নেই। প্রতিটি গল্প-কবিতা-প্রবন্ধ—এগুলোর বারবার পড়ে আয়ত্ত করতে হবে। তবেই যেকোনো সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব। একই সঙ্গে ৪০ নম্বরের যে বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে, সেগুলো সমাধানেও সহায়ক হবে বলে আশা করছি। সৃজনশীল প্রশ্নের ব্যাপারে শিক্ষার্থীদের একটি প্রশ্ন প্রায়ই করতে দেখা যায় সেটি হলো, সৃজনশীল (রচনামূলক) প্রশ্নের কোন স্তরের প্রশ্নের উত্তরের পরিধি কতটুকু হবে। কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর কোনো পরিধিনির্ভর নয়, শুধু সঠিক তথ্য থাকলেই যথেষ্ট। জ্ঞানস্তরে শিক্ষার্থী সঠিক উত্তর লিখেছে কি না, অনুধাবন জ্ঞান ও অনুধাবন দুটি স্তরই উপস্থিত কি না এবং প্রয়োগের ক্ষেত্রে প্রশ্নে উল্লিখিত বাস্তব ঘটনার সঙ্গে শিক্ষার্থী পাঠ্যবইয়ের ঘটনার মিল বা তুলনা দেখাতে পেরেছে কি না—এসব উপস্থিত থাকাই যথেষ্ট; পরিধি কোনো ব্যাপার নয়। অর্থাৎ প্রতিটি প্রশ্নে নির্ধারিত স্তরের উত্তরের উপস্থিতি থাকাই যথেষ্ট।বাংলা দ্বিতীয় পত্রের যে মান বণ্টন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি সম্পূর্ণ নতুন। এখানে মোট ১০০ নম্বরের ৫০ রচনামূলক এবং ৫০ বহুনির্বাচনী প্রশ্ন। বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য নিম্নমাধ্যমিক বাংলা ব্যাকরণ (বোর্ড কর্তৃক প্রকাশিত) বইটিই যথেষ্ট। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের যা করণীয় তা হলো, বোর্ড কর্তৃক প্রকাশিত বাংলা দ্বিতীয় পত্রের পাঠ্যসূচিভুক্ত প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে বুঝে চর্চা করতে হবে। বহুনির্বাচনী প্রশ্নে পূর্ণ নম্বর পেতে হলে অবশ্যই মূল বই খুব বেশি পড়তে হবে। রচনামূলক অংশে অনুবাদ ৫, সারাংশ/সারমর্ম ১০, চিঠি/দরখাস্ত ১০, ভাবসম্প্রসারণ ১০, রচনা ১৫ নম্বর থাকবে।সঠিক অনুবাদের জন্য চর্চাই আসল কথা। যত বেশি চর্চা করবে, অনুবাদ ততই তাড়াতাড়ি ও সঠিক করা সম্ভব। সারাংশ/সারমর্মের বিষয়টি বারবার পড়ে তবেই এর মূলভাব লিখতে হবে। এ ক্ষেত্রে লক্ষ রাখা দরকার, সারাংশ/সারমর্মের পরিধি যেন ব্যাপক বা বিস্তৃত হয়ে না পড়ে। ভাবসম্প্রসারণ লেখার সময় প্যারার শিরোনাম না লিখে প্যারা ভাগ করে লেখাই যথেষ্ট। প্রয়োজনীয় ক্ষেত্রে ভাবসম্প্রসারণে মনীষীদের জীবনী থেকে উদাহরণ দেওয়া যেতে পারে। চিঠি/দরখাস্ত লেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা অধিকাংশ ক্ষেত্রে দরখাস্ত বা আবেদনপত্রকে বেছে নেয়। কিন্তু চিঠি বা আবেদনপত্র যা-ই লেখুক না কেন, যথাযথ নিয়ম মেনে লিখলে চিঠি বা দরখাস্ত যেকোনাটাতেই ভালো নম্বর পাওয়া সম্ভব। ব্যক্তিগত চিঠি লেখার ক্ষেত্রে নিয়ম মেনে প্রতিটি অংশ ঠিক রেখে লিখলে ভালো নম্বর আসবে। চিঠি বা দরখাস্তের বেলায় সব ধরনের বাহুল্য অবশ্যই বর্জনীয়। বাংলা দ্বিতীয় পত্রে রচনা একটি গুরুত্ব পূর্ণ বিষয়। এ ক্ষেত্রে রচনার বিষয় নির্বাচনও খুব গুরুত্বসহকারে করতে হবে। তথ্যবহুল রচনায় বেশি নম্বর আসে। এ ক্ষেত্রে তথ্যগুলো ছক আকারে দেওয়া যেতে পারে। সাম্প্রতিক জাতীয় সমস্যাবলি বা জাতীয় বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করতে হবে। রচনার ক্ষেত্রে সব ধরনের বাহুল্য পরিহার করে সময় মাথায় রেখে রচনা লিখতে হবে।