প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অধিকাংশের জীবনে এসএসসি প্রথম পাবলিক পরীক্ষা। সুতরাং কিছুটা টেনশন তো আছেই। দুশ্চিন্তার কিছু নেই। বিষয়ভিত্তিক প্রস্তুতি শেষ। এখন শুধু বারবার রিভিশন করবে। যেসব বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে, সেসব পাঠ্য বই বারবার পড়বে। এতে তোমাদের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর লেখা সহজ হবে। সৃজনশীল পদ্ধতিতে যেহেতু চারটি অংশ (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা) মিলে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন, তাই প্রতিটি অংশের উত্তর লেখার সময় প্রতিবার ১ নম্বর প্রশ্নের উত্তর (ক), ১ নম্বর প্রশ্নের উত্তর (খ), ১ নম্বর প্রশ্নের উত্তর (গ) এবং ১ নম্বর প্রশ্নের উত্তর (ঘ)—এভাবে লিখতে হবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর লেখা শুরু করলে ধারাবাহিকভাবে লিখবে। একটি প্রশ্নের জ্ঞানের উত্তর, আরেক প্রশ্নের প্রয়োগের উত্তর—এভাবে লেখা যাবে না। ভালো ফলাফলের পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাতার সার্বিক পরিচ্ছন্নতা, মার্জিন, সুন্দর হাতের লেখা ও নির্ভুল বানান ভালো নম্বর অর্জনে সহায়তা করে। উত্তরপত্রে যতটা সম্ভব কাটাকাটি না করার চেষ্টা করবে। বিশেষ প্রয়োজনে কাটতে হলে এক টানে কাটবে। প্রশ্নের উত্তরে প্রয়োজন অনুযায়ী উদ্ধৃতি, চার্ট, চিত্র ইত্যাদি ব্যবহার প্রশ্নের মান বৃদ্ধি করে। অতএব, এগুলো দেওয়ার চেষ্টা করবে। নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী অংশে সতর্কতার সঙ্গে উত্তরপত্রের বৃত্ত ভরাট করবে। প্রশ্নের সেট কোড অবশ্যই আগে প্রশ্ন দেখে শুদ্ধভাবে ভরাট করবে। মনে রাখবে, সেট কোডের বৃত্ত ভরাট করা গুরুত্বপূর্ণ।