পাঠ্যবই বুঝে বুঝে, আনন্দ নিয়ে পড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহ আবু সায়ীদ। শিক্ষাবিদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি টাস্কফোর্সের সভাপতি। ২০১০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বিষয়ে বলেছেন দরকারি কথা। অষ্টম শ্রেণীতে এ বছর প্রথমবারের মতো সারা দেশে একই সঙ্গে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের উদ্বেগের কোনো কারণ আছে কি?আবদুল্লাহ আবু সায়ীদ: পরীক্ষা গ্রহণের ব্যবস্থাটা সব সময়ই ভালো। এতে শিক্ষার্থীদের যোগ্যতা যেমন প্রমাণিত হয়, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যোগ্যতাও প্রমাণিত হয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে বাড়তি একটা সতর্কতা থাকে—ভালো করতে হবে, পাস করতে হবে। সবার মধ্যেই সমবেত সতর্কতা ও সচেতনতা থাকে। এটা শিক্ষার্থীদের ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফল ভালো হতে সাহায্য করে। সুতরাং আমার মনে হয়, উদ্বিগ্ন না হয়ে শিক্ষার্থীদের উন্নতি করার একটা সুযোগ হিসেবে পরীক্ষাকে দেখা উচিত। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় কী?আবদুল্লাহ আবু সায়ীদ: শিক্ষার্থীদের করণীয় একটাই—পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া। এবার জুনিয়র স্তরে প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাজেই শিক্ষার্থীকে পাঠ্যবই বুঝে বুঝে, ভেবে ভেবে, আনন্দ নিয়ে পড়তে হবে। পুরো পাঠ্যবই যদি ভালোভাবে পড়া থাকে, তাহলে নোটের জন্য শিক্ষার্থীদের ভাবতে হবে না, প্রাইভেট টিউটরের কাছে পড়তে হবে না, কোচিং সেন্টারে যেতে হবে না। তাকে দিন-রাত কষ্ট করে নোট মুখস্থ করতে হবে না। এতে একজন শিক্ষার্থী পুরো বিষয়টি পরিপূর্ণভাবে জানার সুযোগ পাচ্ছে। আর সৃজনশীল পদ্ধতির প্রস্তুতি মানেই পাঠ্যবই ভালোভাবে পড়া। সৃজনশীল পদ্ধতির পরীক্ষা নতুন বলে অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আশঙ্কা আছে। আপনার পরামর্শ কী?আবদুল্লাহ আবু সায়ীদ: কারও মনে প্রশ্ন, আশঙ্কা নেই এবং কোনোটিই থাকা ঠিক না। বরং আগের পরীক্ষা-পদ্ধতিতে আশঙ্কা ছিল, যদি প্রশ্ন ঠিকমতো কমন না পড়ে। কারণ শিক্ষার্থীরা তো তখন পুরো বই পড়ত না, বেছে বেছে প্রশ্নোত্তর মুখস্থ করত। পরীক্ষায় ওই প্রশ্নগুলোর বাইরে থেকে প্রশ্ন এলেই আশঙ্কার কারণ ঘটে যেত। কিন্তু এখন যদি পুরো বইটি বুঝে বুঝে, ভেবে ভেবে, একটু চিন্তা করে পড়ে, তবে তার ফল খারাপ হওয়ার কোনো আশঙ্কাই নেই। বরং ফল ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। আগের পরীক্ষা-পদ্ধতিতে যার স্মৃতিশক্তি ভালো, তাকে ভালো শিক্ষার্থী হিসেবে গণ্য করা হতো। কিন্তু এখন যার বুদ্ধি বেশি, কল্পনাশক্তি বেশি, চিন্তাশক্তি বেশি, সেই হবে ভালো। একই প্রশ্নের উত্তর সৃজনশীল পদ্ধতিতে বিভিন্ন রকম হওয়াই স্বাভাবিক। উত্তরের পার্থক্যের কারণে শিক্ষার্থীদের প্রাপ্তনম্বর কমবেশি হবে কি? পরীক্ষক কীভাবে প্রশ্নোত্তর মূল্যায়ন করবেন?আবদুল্লাহ আবু সায়ীদ: শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য অবশ্যই হবে। মুখস্থ পদ্ধতিতে যে ভালো নোট লিখত আর যে খারাপ নোট লিখত, তাদের প্রাপ্তনম্বরের মধ্যেও পার্থক্য হতো। প্রশ্নের সকল স্তরের উত্তর যে দিতে পারবে—যার ভাষা, বর্ণনা, বাক্যগঠন সুন্দর হবে, যে ভালো কল্পনাশক্তির পরিচয় দিতে পারবে, যার সাধারণ জ্ঞান বেশি, বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে যে শিক্ষার্থী একটা প্রশ্নের উত্তর দেবে; আর যে ঘরের কোণায় বসে নোটবই পড়ে সেই প্রশ্নের উত্তর দেবে, তার সঙ্গে নম্বরের পার্থক্য তো হবেই। অবশ্যই প্রথমজন বেশি নম্বর পাবে। বুদ্ধির কমবেশি, প্রশ্নের উত্তরে কল্পনার কমবেশির জন্য শিক্ষার্থীদের প্রাপ্তনম্বরের কমবেশি হওয়াই স্বাভাবিক। তা না হলে ভালো শিক্ষার্থী ও খারাপ শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে কীভাবে।প্রতিটি প্রশ্নের জন্য বাক্যসংখ্যা নির্ধারণ করা থাকবে। পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নের সঙ্গে সর্বোচ্চ কতটি বাক্য লিখতে হবে, তার সংখ্যা উল্লেখ থাকবে। বেশির ভাগ সময়ই পরীক্ষার্থীরা খাতায় কথাবেশি লেখে। আর শিক্ষকেরাও অনেক সময় একটা ভুল করে থাকেন—যে বেশি লেখে, তাকে বেশি নম্বর দেন, এটা ঠিক নয়। এ জন্য কোনো প্রশ্নের উত্তরে সর্বোচ্চ কতটি বাক্য লেখা যাবে, তা নির্ধারণ করে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। সিদ্ধান্তটি চূড়ান্ত হয়নি, তবে হবে। পরীক্ষার প্রশ্নোত্তর মূল্যায়নে শিক্ষকদের এসব বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। মূল্যায়ন-পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে কি?আবদুল্লাহ আবু সায়ীদ: আমাদের ছেলেমেয়েকে পড়াশোনার জন্য যেভাবে নিগ্রহ করা হয় যে মনে হয়, ক্লাস ফোরের শিক্ষার্থীকে দিয়ে পিএইচডি করানো হচ্ছে। এটা তো ঠিক নয়। একটা শিশু আনন্দ করবে, আকাশ দেখবে, পৃথিবী দেখবে, বন্ধুদের সঙ্গে খেলা করবে। সে চারপাশ থেকে জ্ঞান আহরণ করবে। অথচ তার ওপর যদি অমানসিক চাপ বা গুরুভার চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো শৈশবকেই নষ্ট করে দেওয়া হয়। দেশের অনেকেই শিক্ষার পদ্ধতিগুলো বুঝতে পারছে না বলে কিছু সমালোচনা আছে। তবে শিক্ষার্থীরা খুবই খুশি। একটা বিষয় মনে রাখা দরকার, শিক্ষার্থীর প্রাপ্তনম্বর কমবেশি আগের পরীক্ষা-পদ্ধতিতেও হয়েছে, এই পদ্ধতিতেও হবে। এখন শুধু মানদণ্ডটা পাল্টে গেছে। আগে যার মুখস্থ করার দক্ষতা বেশি ছিল, সে ওপরে থাকত আর এখন যার বুদ্ধি বেশি, সে ওপরে থাকবে। পরীক্ষার আগ মুহূর্তে প্রতিদিন কীভাবে সময়কে সর্বোচ্চ কাজে লাগানো যেতে পারে?আবদুল্লাহ আবু সায়ীদ: সব কটি পাঠ্য বিষয় যত বেশি পড়বে, তত ভালো। গণিত বেশি বেশি অনুশীলন করতে হবে। সৃজনশীল পদ্ধতির বিষয়গুলো মুখস্থ করা যাবে না। কারণ, যে প্রশ্ন হবে, তাতে মুখস্থ করে কোনো লাভ হবে না। বুঝে বুঝে পড়ে মূল বিষয়বস্তু কতটা মনে রাখতে পারল এবং শিক্ষার্থী এটাকে কেন্দ্র করে কতটা মাথা খাটাল, তার ওপর নির্ভর করবে তার সফলতা। কাজেই কোনো বিষয়বস্তু পড়ার পর মাথা খাটিয়ে শিক্ষার্থীকে তার চিন্তাচেতনা প্রসারিত করতে হবে। ইংরেজি ও গণিত বিষয়গুলোর প্রস্তুতি কীভাবে হবে?আবদুল্লাহ আবু সায়ীদ: গণিত বেশি বেশি অনুশীলন করতে হবে। ইংরেজি বিদেশি ভাষা। এখানে কিছু বিষয় মুখস্থ করা লাগতে পারে—যেমন: ইডিয়ম, প্রিপজিশন। ভাষা শিখতে কিছু বিষয় মনে রাখতে হয়। তবে নিয়ম মেনে, বুঝে, অর্থ জেনে সেগুলো আয়ত্ত করতে হবে। পরীক্ষার খাতায় হাতের লেখা এবং খাতার পরিচ্ছন্নতা সম্পর্কে কিছু বলুন।আবদুল্লাহ আবু সায়ীদ: হাতের লেখা চিরকালই প্রয়োজনীয় একটা জিনিস। লেখা ভালো হলে পরীক্ষকের মনটা খুশি হয়। পরীক্ষক সহজেই পড়তে পারেন। সুন্দর হাতের লেখা দেখে তিনি মুগ্ধ হন। পরীক্ষকের এই আনন্দই পরীক্ষার খাতার নম্বর অনেকটা বাড়িয়ে দেয়। শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার চেষ্টা সব সময়ই করা উচিত।আবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অবশ্যই জরুরি। খাতায় রুল টানা একটা শৃঙ্খলা। আমি যে পৃষ্ঠায় লিখছি, সেটা একটা ছবির মতো হবে। একজন শিল্পী যখন ছবি আঁকে, তখনো তো সে কাগজ, ক্যানভাসটাকে একটা ইজেলের ওপর লাগিয়ে নেয় যে এর মধ্যেই সে সারা পৃথিবীকে দেখাবে। সেই রকম করে খাতাটাকে সুন্দরভাবে ভাঁজ করে একটু রুল করে নেওয়া তো সবারই উচিত। এটা দরকার, সব সময়ই এটা আকাঙ্ক্ষিত। তবে কোন রঙের কালি দিয়ে লিখবে, আমার মনে হয় এটা জরুরি নয়, যদি দু-তিন রকমের কালির দরকার না হয়। কালি দেখবে না কেউ, লেখাটাই দেখবে, হাতের লেখাটা দেখবে। সুদৃশ্যভাবে, সুশৃঙ্খলভাবে, পরিপাটিভাবে খাতাটা মনকে জয় করছে কি না, সেটা দেখবে। পরীক্ষকের মনটা জয় করা চিরকালই জরুরি। একটা সিনেমা বা একটা গান কখন মানুষের কাছে জনপ্রিয় হয়, যখন এটা মানুষকে খুশি করতে পারে। একটা খাতা সুদৃশ্য ছবির মতো পরিপাটি হলে পরীক্ষকের মনটা আনন্দে ভরে যাবে। তখন পরীক্ষকের অজান্তেই শিক্ষার্থীর নম্বর বেশি হয়ে যাবে। খুশি হয়েও পরীক্ষক কিন্তু বেশি নম্বর দিয়ে দেবেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের আর করণীয় কী?আবদুল্লাহ আবু সায়ীদ: পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় হতে হবে, সৃজনশীল পদ্ধতি কিন্তু এই ধারণার বিরোধী। আগে ছিল স্ট্যান্ড করতে হবে, প্রথম ১০ জনের মধ্যে একজন হতে হবে। এটা খুবই অন্যায়, খুবই খারাপ একটা পদ্ধতি চালু ছিল। কারণ, তখন ১০ জন স্ট্যান্ড করত, আর ১০ হাজার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ত স্ট্যান্ড করতে না পারার জন্য। এত চাপ থাকবে কেন? একজন শিক্ষার্থী ভালোভাবে পড়াশোনা করলে আমার মনে হয় খুব সহজেই জিপিএ-৫ পেতে পারে, যদি তার মেধা একেবারেই দুর্বল না হয়। এর ওপর তো আর কিছু নেই। আমাদের দেশে গোল্ডেন জিপিএ-৫ বানিয়ে ফেলা হয়েছে। এটা শিক্ষা বোর্ডে কোথাও লেখা নেই। স্ট্যান্ডের মতোই অতীতের স্মৃতি আমরা ভুলতে পারি না। শিক্ষার্থীদের মধ্যে একটা বৈষম্য সব সময়ই তৈরি করে রাখা হয় যে আমি জয়ী, আমি ওপরে—এটা দেখানোর একটা চেষ্টা করা হয়। একজন শিক্ষার্থীর কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। শিক্ষার্থী পড়ে বুঝেছে, পুরো বিষয়টা অনুধাবন করেছে, হূদয়ঙ্গম করেছে, তার কল্পনা ও স্বপ্নে সেটা আনতে পেরেছে—এটাই হলো সবচেয়ে সেরা শিক্ষা, সেরা আহরণ।একজন শিক্ষার্থীকে খুব ভালো ফল করতে হবে, সেরা হতে হবে—এটা আমি বিশ্বাস করি না। তবে আমি মনে করি, ভালো হতে হবে। হাসতে হাসতে, আনন্দ করতে করতেই ভালো করা সম্ভব।