পানি নিয়ে ভাবনা...আর না আর না

‘পৃথিবীতে চার ভাগের তিন ভাগ পানিতে পরিপূর্ণ থাকলেও ব্যবহার-উপযোগী পানি মাত্র এক ভাগ। তাই আমাদের ভাবনার বিষয় ছিল, বৃষ্টির পানি ও প্রতিদিন খাওয়াদাওয়া, গোসল, রান্নাবান্না ও অন্যান্য কাজে যে পানিটা একবার ব্যবহার হয়ে যায়, সেই পানিই পুনরায় ব্যবহার-উপযোগী করা। সেই লক্ষ্যেই আমরা গবেষণা করি আর জাতীয় পর্যায়ে পানি-বিষয়ক প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হই। এরপর আন্তর্জাতিক চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিই।’ বলছিলেন সম্প্রতি সুইডেনে অনুষ্ঠিত হয়ে যাওয়া স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ ২০১৫ প্রতিযোগিতা শেষে ফিরে আসা তরুণ শিক্ষার্থী শেখ রিফায়েত দাইয়ান। তাঁর সঙ্গে আরও ছিলেন লাবিব তাজওয়ার রহমান ও নাভিদ হায়দার।
এই প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে রিফায়েত বলেন, এটি ছিল পানি-বিষয়ক গবেষণামূলক একটি প্রতিযোগিতা। এখানে মূলত ১৫ থেকে ২০ বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিয়ে থাকে। প্রথমে প্রতিটি দেশে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে গবেষণার বিষয় উপস্থাপন করতে হয়। জাতীয় প্রতিযোগিতায় যাঁরা বিজয়ী হন, তাঁরাই চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হন।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে সুইডেনের স্টকহোমে দীর্ঘ ১৮ বছর ধরে। এবার ২৮টি দেশের জাতীয় পর্যায়ে প্রথম হওয়া প্রতিযোগীরা অংশ নেন এই প্রতিযোগিতায়।
তাঁদের গবেষণা সম্পর্কে লাবিব আরও বলেন, ‘আমাদের প্রকল্প ছিল ব্যবহার হওয়া পানিকে পরিশোধন করে পুনরায় ব্যবহারের একটি সমন্বিত পদ্ধতি। আর এই প্রকল্পই আমরা সুইডেনে মূল প্রতিযোগিতায় উপস্থাপন করেছি।’
সামনে আরও অনেক ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন লাবিব, রিফায়েত ও নাভিদ। দিন শেষে এই তিন তরুণ স্মরণ করিয়ে দেন, তাঁদের পৃষ্ঠপোষক ছিল ওয়াটার এইড, জেমকন গ্রুপ এবং এই প্রতিযোগিতার সংগঠকেরা।