পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী)।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিটি দিয়েছেন ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার।

বিবৃতিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর সময়সূচি ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন নেওয়া হবে। এরপর যাচাই-বাছাই ও ভর্তি শেষে ৩ জুলাই ক্লাস শুরু হবে।

ছাত্রসংগঠনটি বলছে, এটি অত্যন্ত তড়িঘড়ি করে নেওয়া একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের আর্থিক ক্ষতির মধ্যে ফেলবে। কারণ, এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়নি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসনসংকটের কারণে শিক্ষার্থীদের মধ্যে সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাজ করে। এই অনিশ্চয়তা থেকে তাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ করতে বাধ্য হবেন। সবার আগে ভর্তির সিদ্ধান্ত নিলে আবেদন ফরম পূরণ বাবদ বেশি টাকা আদায় হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। কিন্তু শিক্ষার্থীরা পড়বেন বিপাকে।

বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যাবতীয় কাগজপত্র ও ভর্তি ফি দিয়েই শিক্ষার্থীরা সেখানে ভর্তি হবেন। পরে যখন শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রশ্ন আসবে, তখন আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কাগজপত্র উত্তোলন ও ভর্তি বাতিল করতে হবে। ভর্তি বাতিল করার জন্য আবার ফিও দিতে হবে। এতে শিক্ষার্থীরা হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে প্রতিবছরই আসন শূন্য থাকে। এগুলোতে ভর্তি নেওয়া হয় না। সবার আগে ভর্তি নিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকার আশঙ্কা আরও বাড়বে।

বিগত বছরগুলোর অভিজ্ঞতা এমনটাই বলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সিদ্ধান্তে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীদের পকেট কাটাই মূল উদ্দেশ্য।

এখানে শিক্ষার্থীদের স্বার্থের কোনো সংশ্লিষ্টতা নেই। এসব একটা বিশ্ববিদ্যালয়ের কাজ হতে পারে না। আমরা অবিলম্বে শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চালু করার দাবি জানাই।’