পাসে বরিশালে প্রথম পিরোজপুর সর্বনিম্নে বরগুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ঘোষিত এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে ছয় জেলার মধ্যে এগিয়ে আছে পিরোজপুর এবং সর্বনিম্নে বরগুনা জেলা।

পাসের হারের দিক থেকে গত বছর তৃতীয় স্থানে থাকা পিরোজপুর জেলা এবার প্রথম স্থানে উঠেছে এসেছে। অপরদিকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে ভোলা ও পটুয়াখালী জেলা। গত বছর ভোলা পঞ্চম এবং পটুয়াখালী ষষ্ঠ অবস্থানে ছিল। পাসের দিক থেকে অবস্থানের অবনতি হয়েছে বরিশাল ও বরগুনা জেলার। এর মধ্যে গত বছর বরিশাল জেলা ছিল পাসের হারের দিক থেকে প্রথম অবস্থানে।

আর বরগুনা জেলায় এবার ফলাফলে হয়েছে মারাত্মক বিপর্যয়। এই জেলার ৩৭টি কলেজ থেকে এবার ৬ হাজার ৫১৪ জন পরীক্ষা নিয়ে পাস করেছেন মাত্র ৩ হাজার ৫৪৩ জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘোষিত ফলাফল ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, পিরোজপুর জেলায় ৪৭টি কলেজ থেকে এবার ৮ হাজার ৪৭৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬ হাজার ৩৬৭ জন। পাসের হার ৭৫ দশমিক ১৩। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮০ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলায় এবার পাসের হার ৭৫ দশমিক শূন্য ৮। জেলার ৪৮টি কলেজ থেকে এবার ৭ হাজার ৯৯৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬ হাজার ১ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন।

অপরদিকে শতকরা ৭৩ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করে পটুয়াখালী জেলা তৃতীয় স্থানে আছে। পটুয়াখালীর ৫৮টি কলেজ থেকে ১১ হাজার ৩২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮ হাজার ২৮৩ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন।

গত বছর প্রথম স্থানে থাকা বরিশাল জেলা এবার চতুর্থ অবস্থানে নেমে এসেছে। বরিশাল জেলার ৯৪টি কলেজ থেকে ২২ হাজার ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৬৭৩ জন। জেলায় পাসের হার ৭০ দশমিক ৭০। জিপিএ-৫ পেয়েছেন ৪৬৮ জন।

পঞ্চম অবস্থানে থাকা ঝালকাঠি জেলায় ৫ হাজার ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ২৯০ জন। পাসের হার ৬৫ দশমিক শূন্য ১। জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন।

ষষ্ঠ অবস্থানে থাকা বরগুনা জেলায় পাসের হার ৫৪ দশমিক ৩৯ শতাংশ। এই জেলার ৩৭টি কলেজ থেকে ৬ হাজার ৫১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৩ হাজার ৫৪৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪৮ জন।

বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ গতকাল বিকেলে বলেন, ‘মূলত পরীক্ষা পরিচালনা পদ্ধতিতে এই জেলায় আগের থেকে অনেক স্বচ্ছতা এসেছে। আগে যেসব অনিয়ম ছিল, সেগুলোর প্রতি কঠোরভাবে নজরদারি করায় এবার ফল অনেকটা খারাপ হয়েছে। আমি মনে করি, ফলাফলে এই বিপর্যয়ের মধ্য দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এই বার্তাটি পৌঁছে যাবে যে পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম করে ভালো ফল করার আর কোনো সুযোগ নেই।’