পাসের হার ও জিপিএ-৫-এ এগিয়ে ছেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ বেড়েছে, তবে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে কমেছে। শতভাগ পরীক্ষার্থী পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। বোর্ডে টানা পঞ্চমবারের মতো প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। গতকাল শনিবার দুপুরে প্রকাশিত ফলাফল বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।
জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘এ বছর প্রথমবারের মতো গণিতে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষার্থীর ১২ শতাংশ গণিতে অকৃতকার্য হয়েছে। গণিতে কাঙ্ক্ষিত নম্বর না পাওয়ায় জিপিএ-৫ ও পাসের হারে প্রভাব পড়েছে। ফলে এ বছর বোর্ডে পাসের হার কমেছে শতকরা ৫ দশমিক ৭০ এবং জিপিএ ৫ কমেছে ৭৫০টি।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১ হাজার ৬৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১ লাখ ২২ হাজার ৭৬৫ জন। এর মধ্যে ছেলে ৫৭ হাজার ৯৩৫ জন, মেয়ে ৬৪ হাজার ৮৩০ জন। পাসের হার শতকরা ৮৪ দশমিক ২২। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক শূন্য ১৪, মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৫৭। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন। এর মধ্যে ছেলে ৫ হাজার ৪৯২ জন, মেয়ে ৪ হাজার ৭০৩ জন।
পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ৯২। এবার পাসের হার কমেছে ৫ দশমিক ৭০ ভাগ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১০ হাজার ৯৪৫ জন। এবার জিপিএ ৫ কমেছে ৭৫০টি। তবে বিজ্ঞান বিভাগে এ বছর জিপিএ ৫ বেড়েছে ১ হাজার ২৬৫টি। অন্যদিকে ব্যবসায় শিক্ষা শাখায় কমেছে ১ হাজার ৯৩৬টি এবং মানবিকে ৭৯টি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান কুন্ডু গোপীদাস বলেন, গণিতে সৃজনশীল-পদ্ধতি চালু হওয়ায় বিজ্ঞানের শিক্ষার্থীরা জিপিএ ৫ ও পাসের হারে ভালো করেছে। অন্যান্য বিভাগের তুলনায় বিজ্ঞানের শিক্ষার্থীরা চৌকস হওয়ায় এ বিভাগের ফল প্রত্যাশিত হয়েছে।
সেরা ১১ শিক্ষাপ্রতিষ্ঠানই কুমিল্লা জেলার: বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১১টিই কুমিল্লা জেলার। এগুলো হচ্ছে: কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা মডার্ন হাইস্কুল, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুল, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়, লাকসাম পাইলট হাইস্কুল ও কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইস্কুল। এ ছাড়া ফেনী জেলার তিনটি, চাঁদপুরের তিনটি, নোয়াখালীর দুটি এবং ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রতিষ্ঠান রয়েছে। তবে লক্ষ্মীপুর জেলার কোনো প্রতিষ্ঠান এ তালিকায় নেই।