এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর বোর্ডে পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছে ছেলেরা। সে সঙ্গে বোর্ডে সাফল্য ধরে রেখেছে রংপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সেরা ২০-এর তালিকায় আছে রংপুরের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান।
গতকাল বুধবার দুপুরে দিনাজপুর বোর্ডের অস্থায়ী কার্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. তোফাজ্জুর রহমান সাংবাদিকদের বলেন, পরীক্ষার আয়োজন, ফলাফলে সাফল্য, কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ—সব দিক থেকে দিনাজপুর শিক্ষা বোর্ড সাফল্যের ধারা বজায় রেখেছে। রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এগিয়ে আছে। কিন্তু শিক্ষার মানের দিক থেকে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পিছিয়ে আছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী দিনাজপুর বোর্ড থেকে মোট ৯৭ হাজার ৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৭১ হাজার ৯৪০ জন কৃতকার্য হয়েছেন। পাসের হার ৭৪ দশমিক ১৪। মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৭৪ এবং ছেলেদের ৭২ দশমিক ৬৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন চার হাজার ৪৭৪ জন। এঁদের মধ্যে দুই হাজার ৫৭২ জন ছেলে ও এক হাজার ৯০২ জন মেয়ে।
এ ছাড়া বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থানে রংপুরের সাতটি কলেজ, নীলফামারী জেলার পাঁচটি ও গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার একটি করে কলেজ রয়েছে।
সেরা ২০ তালিকায় রংপুরের সাতটি কলেজ: দিনাজপুর বোর্ডে সেরা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৮৪১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৫৩ জন। বোর্ডে দ্বিতীয় রংপুর ক্যাডেট কলেজ। চতুর্থ স্থানে আছে রংপুরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। অষ্টম স্থান লাভ করেছে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। দশম স্থানে আছে রংপুর কারমাইকেল কলেজ। একাদশ স্থানে আছে রংপুর সরকারি কলেজ। ২০তম শিক্ষাপ্রতিষ্ঠান রংপুরের জাহেদা খাতুন গার্লস স্কুল অ্যান্ড কলেজ।