চট্টগ্রাম শিক্ষা বোর্ড চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ মঙ্গলবার দুপুরে প্রকাশ করেছে। এতে আগে অকৃতকার্য হওয়া ৫২ শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে এক ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৭ শিক্ষার্থী।
বোর্ড সূত্র জানায়, এবার ২১ হাজার ৯৩৯ পরীক্ষার্থী মোট ৫৭ হাজার ৮১৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। ১১ মে আবেদনের শেষ দিন ছিল।
বোর্ড সূত্র জানায়, এবার ফেল থেকে পাস করেছে ৫২ পরীক্ষার্থী। পাস করা শিক্ষার্থীদের মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ৬১৪ শিক্ষার্থীর। তাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। এতে চট্টগ্রাম বোর্ড জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪১১ জনে।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে যে ভুল-ভ্রান্তি হয়েছে, তা অমার্জনীয়। যেসব প্রধান পরীক্ষক ও পরীক্ষক উত্তরপত্র মূল্যায়নে এই ভুল-ভ্রান্তি করেছেন, তাঁদের নাম বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৪ মে প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৮ হাজার ১১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৯৯ হাজার ২২ জন। পাস করা ছাত্রের সংখ্যা ৪৬ হাজার ৫৯৮ জন, ছাত্রী ৫২ হাজার ৪২৪ জন। পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ।
গত বছর ১৫ হাজার ৫৬২ শিক্ষার্থী তাদের ৪৬ হাজার ৯৪টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিল। তখন ফল পরিবর্তন হয়েছিল ২৪৩ পরীক্ষার্থীর।