
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ পৌরনীতি ১ম পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
গাজীপুরের মকশ বিল বর্তমানে শিল্পকারখানার বর্জ্যে দূষিত। আগে শুকনা মৌসুমে এখানে ধান হতো, এখন আর হয় না। ফলে এ বিলকে কেন্দ্র করে গড়ে ওঠা জনবসতি ক্ষতির মুখে পড়েছে।
প্রশ্ন:
ক. মার্সটন বেটস-এর মতে পরিবেশ কী? ১
খ. মনস্তাত্ত্বিক পরিবেশের মূল প্রভাব বর্ণনা করো। ২
গ. চিত্রে কোন ধরনের পরিবেশ বিপর্যয়ের চিত্র ফুঠে উঠেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. সামাজিক জীবনের ওপর মকশ বিলের পরিবর্তিত অবস্থার প্রভাব বিশ্লেষণ করো। ৪
উত্তর: ক.
মার্সটন বেটসের মতে ‘পরিবেশ হচ্ছে সেসব বাহ্যিক অবস্থার সমষ্টি, যা জীবনের বিকাশকে গভীরভাবে প্রভাবিত করে।’
উত্তর: খ.
মনস্তাত্ত্বিক পরিবেশের প্রভাবে মানুষের আচার-আচরণে পরিবর্তন ঘটে। যেমন মানুষ স্বভাবগতভাবে শান্তি কামনা করে, দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে চলতে চায়। আর তা নিশ্চিত হলে মানুষ যুক্তিশীল আচরণ করে, অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। আর এর ভিন্নতা হলে মানুষ ভিন্নরূপ আচরণ করতে পারে।
উত্তর: গ.
উদ্দীপকে মকশ বিলের চিত্র প্রদর্শিত হয়েছে। এ বিলটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছিল। উদ্দীপকে প্রদত্ত তথ্য থেকে জানা যায়, আগে এ বিলে মত্স্য সম্পদ ছিল। দীর্ঘদিন ধরে শিল্পকারখানার বর্জ্য বিলে ফেলার কারণে বিলের পানি মাছের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। উদ্দীপক থেকে আরও জানা গেছে, আগে শুকনা মৌসুমে এই বিলে প্রচুর ধান উত্পন্ন হতো। অর্থাত্ এ বিলের মাটি ধান উত্পাদনের উপযুক্ত ছিল। অথচ আজ তা ধান উত্পাদনের অনুপযোগী হয়ে পড়েছে।
ওপরের আলোচনায় যে বিলটির বর্ণনা দেওয়া হলো, তা প্রাকৃতিকভাবে সৃষ্ট। এর সঙ্গে প্রকৃতির দান হিসেবে মত্স্য সম্পদ এবং বিলের মাটির ধান উত্পাদনক্ষমতা মানুষের কারণে ধ্বংস হলেও তা কিন্তু মানুষের দ্বারা আবার সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। সে কারণে আমরা এ বিলটি এবং এর সঙ্গে অন্যান্য প্রাকৃতিক সুবিধাকে সম্মিলিতভাবে প্রাকৃতিক পরিবেশ বলতে পারি। সুতরাং উদ্দীপকে ওই প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে বলা যায়।
উত্তর: ঘ.
মকশ বিলের মত্স্য সম্পদ এবং এর মাটিতে ধান উত্পাদনের সুবিধাকে কেন্দ্র করে এর চারপাশে মত্স্য ও কৃষিজীবীদের আবাসস্থল গড়ে উঠেছে। এরূপ বসতি গড়ে ওঠার পাশাপাশি রাস্তাঘাট, হাটবাজার এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠা স্বাভাবিক। আরও গড়ে উঠেছে এখানকার মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক, পারস্পরিক প্রীতি ও স্নেহের বন্ধন। এসব সম্ভাবনা সামাজিক পরিবেশেরই অংশ। অর্থাত্ মকশ বিলের চারপাশে মানুষগুলোর জীবনব্যবস্থা, পারিপার্শ্বিক সুবিধার সমন্বয়ে যে পরিবেশ, তা হচ্ছে সামাজিক পরিবেশ।
ওপরের আলোচনায় আমরা সামাজিক পরিবেশের স্বরূপ জেনেছি। এই আলোচনায় দেখানো হয়েছে বিলের সুবিধাকে কেন্দ্র করে সমাজ গড়ে উঠেছে। এ সমাজে ঘরবাড়ি, হাটবাজারসহ আরও বহু কৃত্রিম পরিবেশ সৃষ্টি হয়েছিল।
যে প্রাকৃতিক সুবিধার ওপর ভিত্তি করে সমাজ গড়ে উঠেছে, তা বিনষ্ট হলে ওই সমাজে নিচের পরিবর্তন ঘটতে পারে:
পেশার পরিবর্তন: আগে যারা বিলের পানিতে মত্স্য আহরণ করত, তারা জীবিকা হারিয়ে নতুন কোনো পেশা গ্রহণ করে বেঁচে থাকার চেষ্টা করবে।
পানিদূষণ: বিলের পানিতে শিল্পবর্জ্য ফেলার কারণে তা দূষিত হয়েছে। এ দূষিত পানি ব্যবহারের কারণে সমাজের মানুষ ও প্রাণিজ সম্পদ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়বে।
বায়ুদূষণ: বিলের পানিতে শিল্পবর্জ্য পতিত হয়ে এবং দুর্গন্ধ ছড়িয়ে বায়ুদূষণ করছে। তাতে মানববসতি বিপন্ন হওয়ার উপক্রম হচ্ছে।
ওপরে বর্ণিত অবস্থা সমাজজীবনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এতে নতুন ধ্যান-ধারণা সৃষ্টি, জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার পরিবর্তন হতে পারে। অতএব আমরা বলতে পারি, মকশ বিলের পরিবর্তিত অবস্থা সামাজিক পরিবেশের পরিবর্তন সূচিত হবে। এ পরিবর্তনে অনেক নেতিবাচক উপাদান যুক্ত হওয়ার আশঙ্কা আছে।