প্রকৃতির কোলে স্বপ্নের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রকৌশলীরা এখন দেশের গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। অনেকে দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশকে তুলে ধরছেন বিশ্ববাসীর কাছে l প্রথম আলো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রকৌশলীরা এখন দেশের গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। অনেকে দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশকে তুলে ধরছেন বিশ্ববাসীর কাছে l প্রথম আলো

পরিবেশদূষণ ছাড়াই আকাশে উড়বে বিমান, এমন উদ্ভাবন তাক লাগিয়েছে পুরো বিশ্বকে। গবেষকদের এমন অর্জনের অংশীদার বাংলাদেশও। বিশ্বের প্রথম কার্বন নিঃসরণমুক্ত বিমান ‘এইচ ওয়াই-৪’ যাঁরা তৈরি করেছেন, সেই দলে আছেন একজন বাংলাদেশিও। তিনি তরুণ গবেষক দেবযানী ঘোষ। বর্তমানে জার্মানির ইউনিভার্সিটি অব উলমের পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন। এবার আসি বাংলাদেশের আরেকজন প্রকৌশলীর কথায়, তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপের স্থাপনা নির্মাণের অন্যতম রূপকার আবদুল্লাহ আল মামুন।

এই দুজন প্রকৌশলীই পড়াশোনা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। দেবযানী ঘোষ তড়িৎকৌশল আর আবদুল্লাহ আল মামুন ছিলেন পুরোকৌশলের শিক্ষার্থী। শুধু তাঁরা নন, চুয়েট থেকে পাস করা সহস্রাধিক প্রকৌশলী এখন দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে কাজ করছেন। দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা প্রকৌশলীদের স্বপ্নের শুরু ছায়াঘেরা সবুজ ক্যাম্পাস থেকে।

শুরুর গল্প

১৯৬৮ সালের ২৮ ডিসেম্বর ‘চট্টগ্রাম প্রকৌশল কলেজ’ নামে চুয়েটের যাত্রা শুরু হয়েছিল। তখন কলেজটি চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের প্রকৌশল অনুষদের অধীনে পরিচালিত হতো। ১৯৮৬ সালে কলেজটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), চট্টগ্রামে উন্নীত হয়। অবশেষে ২০০৩ সালে প্রতিষ্ঠানটি একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। বর্তমানে এখানে ১০টি বিভাগে মোট ২ হাজার ৫৮০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। রয়েছেন প্রায় ২০০ জন শিক্ষক।

সবুজ ক্যাম্পাসে...

আশপাশে ছোট-বড় অনেক টিলা। চারপাশ ঘেরা সবুজ গাছপালায়। বিশ্ববিদ্যালয়ের সদর ফটকের বাম পাশে শহীদ মিনার আর ছোট একটা পদ্মপুকুর।

একটু সামনে এগোলে চোখে পড়বে লেক। প্রকৃতির এমন মায়াময় দৃশ্য চুয়েট ক্যাম্পাসের। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রাউজান উপজেলায় অবস্থিত ১৬৩ একরের ক্যাম্পাসটি প্রাণিবৈচিত্র্যেও সমৃদ্ধ। দেখা মেলে কাঠবিড়ালিসহ নানা পাখি। নান্দনিক পরিবেশকে সঙ্গী করেই চুয়েটের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি গল্প, আড্ডা আর গানে মেতে ওঠে। অনেক সময় মাঝরাতেও শোনা যায় গিটারের টুংটাং শব্দ আর গলা ছেড়ে গান।

তড়িৎকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মাহমুদ মুন্না বলেন, ‘চোখের পলকে ক্যাম্পাসের দিনগুলো পার হয়ে গেল, হয়তো আর খুব বেশি দিন থাকা হবে না প্রিয় ক্যাম্পাসে। প্রতিদিনের ক্লাস, ল্যাবের কাঠখোট্টা সব বিষয়ের নড়াচড়ার মধ্যেও সবুজ ক্যাম্পাসের মায়ার বাঁধনে জড়িয়ে গেলাম। একসঙ্গে বসে ক্লাস করা প্রিয় মুখগুলোকে অনেক মনে পড়বে।’

সেশনজটের ঝক্কি নেই

 চুয়েটের শিক্ষা কার্যক্রম সব সময় চালু থাকে। তাই সেশনজট নেই বললেই চলে। সম্প্রতি চুয়েটের সঙ্গে বিদেশের কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি সই হয়েছে। এসব চুক্তির আওতায় পাঠাগার, উন্নত গবেষণাগার, প্রযুক্তিগত সহায়তা ছাড়াও শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুবিধা দেওয়া হচ্ছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫টি অনুষদের অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ডিগ্রি দেওয়া হচ্ছে। যুগোপযোগী প্রকৌশল শিক্ষা নিশ্চিত করতে চুয়েটের বিভিন্ন বিভাগে সর্বমোট ৩৬টি আধুনিক গবেষণাগার ও ৫টি ইনস্টিটিউট ও সেন্টার রয়েছে।

ক্যাম্পাসে ছাত্রদের জন্য চারটি ও ছাত্রীদের জন্য আছে একটি আবাসিক হল। এ ছাড়া আরও ২টি হল নির্মাণাধীন অবস্থায় রয়েছে। বঙ্গবন্ধু হলের বাসিন্দা যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইরফান আহমেদ বলেন, হলের নিরাপত্তাব্যবস্থা ভালো, তবে ডাইনিংয়ের খাবারের মান খুবই খারাপ।

তবে হলের আসনসংখ্যা সীমিত হওয়ায় বর্তমানে নবীন শিক্ষার্থীদের সবাইকে হলে আসন বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।

পড়ার ফাঁকে

চুয়েট ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন সংগঠন। প্রায় সময় আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক উৎসব। এ ছাড়া থাকে বিতর্ক প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, খেলাধুলা, রোবটিক প্রতিযোগিতা ও প্রোগ্রামিং কনটেস্ট। এসব পরিচালনা করার জন্য রয়েছে চুয়েট সাংবাদিক সমিতি, রোবোমেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন, জয়ধ্বনি, চুয়েট ডিবেটিং সোসাইটিসহ নানা সংগঠন।

প্রতিনিয়ত নতুনের সন্ধানে ব্যস্ত থাকেন চুয়েটের শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে নতুন প্রযুক্তি আর এগিয়ে চলছে গবেষণা।

চুয়েট রোবোমেকাট্রনিক্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বলেন, ‘চুয়েটে রোবট নিয়ে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ২৬ মে চুয়েটে আয়োজন করছি “ফুটবট ২০১৭” প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো রোবটগুলো খেলবে ফুটবল।’

অর্জন, প্রাপ্তিতে স্বপ্নের পথে

দিন দিন চুয়েটে শিক্ষা আর গবেষণার সুনাম বৃদ্ধি পাচ্ছে। চুয়েট থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁদের মধ্যে অনেকেই এখন দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। সম্প্রতি ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য আয়োজিত জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চুয়েট থেকে অংশগ্রহণকারী দলটি চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া সম্প্রিত চট্টগ্রামে অনুষ্ঠিত প্রজেক্ট বাস্তবায়ন করার প্রতিযোগিতা হ্যাকাথনে চুয়েটের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয়েছে।

এসব প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণাপত্রে চুয়েট শিক্ষার্থীদের প্রকাশিত প্রবন্ধগুলো জাতীয় ও আন্তর্জাতিক গবেষকদের প্রশংসা কুড়িয়েছে।

চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘আমরা চুয়েটকে সন্ত্রাস ও সেশনজটমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেছি। এ ছাড়া উন্নত বাংলাদেশ গড়তে “ভিশন ২০৪১” বাস্তবায়নের জন্য দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।’

উচ্চশিক্ষা, গবেষণা ও নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড চুয়েটকে একটি আন্তর্জাতিক মানের প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত করেছে। সম্প্রতি চুয়েটের উন্নয়নে ৩২০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়।

এই প্রকল্পের অধীনে চুয়েটে ছাত্রছাত্রীদের জন্য আবাসিক হল, স্নাতকোত্তর ও আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য ডরমিটরি নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গবেষণাগার, নতুন একাডেমিক ভবন, খেলার মাঠের সংস্কার, সুইমিং অ্যান্ড ওয়াটার স্পোর্টস সুবিধাসহ বিভিন্ন উন্নয়ন ও গবেষণামূলক কর্মকাণ্ডে এই অর্থ ব্যয় করা হবে।