প্রচ্ছদে 'চারু ও কারুকলা', ভেতরে 'আনন্দপাঠ'
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ষষ্ঠ শ্রেণির নতুন এক বইয়ের প্রচ্ছদে লেখা আছে চারু ও কারুকলা আর ভেতরে আছে বাংলা দ্রুতপঠন আনন্দপাঠ। ছাপার এমন ভুলের কারণে গত শনিবার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী বই না নিয়েই বাড়ি ফিরে গেছে।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান বলেন, অর্ধশতাধিক আনন্দপাঠ বইয়ের প্রচ্ছদে চারু ও কারুকলা লেখা ছাপানো থাকায় সেগুলো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়নি। তবে এই ক্লাসের অন্য বইগুলো ঠিকভাবে ছাপানো হওয়ায় সেগুলো বিতরণ করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিন্দুর্ণা লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে সমস্যাটি সম্পর্কে জেনে তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ও জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জানানো হয়েছে। নতুন বই পেলে শিক্ষার্থীদের দেওয়া হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, বই বাঁধাইয়ের সময় হয়তো এ ধরনের ভুল হয়ে থাকবে। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে বলেও তিনি জানান।