প্রতিটি উত্তরে থাকতে হবে সৃজনশীলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি একটু জটিল। যেসব প্রশ্নোত্তরে জটিলতা রয়েছে, সেসব প্রশ্ন ভালো করে বুঝে উত্তর দিতে হবে। তত্ত্বীয় প্রশ্নোত্তর লেখার সময় কিছু বিষয় মনে রাখবে।
* হাতের লেখা সুন্দর হতে হবে, যাতে যে-কেউ লেখা পড়তে পারে। ভালো ফলাফল করতে হলে অবশ্যই পরীক্ষার খাতায় সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। সে জন্য অবশ্যই তোমাদের প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে। ভুল উত্তর দেওয়া ও অপ্রাসঙ্গিক উত্তর লেখা থেকে বিরত থাকতে হবে। তোমরা অনেকেই মনে করো, যত বেশি লেখা যাবে, তত বেশি নম্বর পাওয়া যাবে—এটি ভুল ধারণা। তাই এ বিষয়ে সচেতন থাকবে। মনে রাখবে, গঠনমূলক লেখা ছোট হলেও সম্পূর্ণ নম্বর পাওয়া যায়। এ জন্য প্রশ্নের বিষয়বস্তুর ওপর নির্ভর করে উত্তর দিতে হবে।
* প্রশ্নের সংজ্ঞা চাওয়া না হলেও সংজ্ঞা বা সংক্ষিপ্ত পরিচিতি দিতে হবে।
* ভাগ ও প্রকারের মিশ্রণ করা যাবে না। যেমন মোবাইলের প্রজন্মকে চার ভাগে ভাগ করা যায়। কেউ যদি লেখে মোবাইলের প্রজন্ম চার প্রকার, তাহলে তার উত্তর পুরোটাই ভুল।
* প্রশ্নে চিত্র উল্লেখ করা না থাকলেও চিত্র দিতে হবে। চিত্রের নিচে চিত্রের নাম উল্লেখ করতে হবে। চিত্র পেনসিল দিয়ে আঁকা ভালো, তবে কলম দিয়ে আঁকা যাবে না এমন নিষেধাজ্ঞা নেই। চিত্রে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে।
* ফ্লোচার্টের ক্ষেত্রে সংযোগ বা প্রবাহ দিক অবশ্যই উল্লেখ করতে হবে। ফ্লোচার্টের নিচে ফ্লোচার্টের নাম উল্লেখ করতে হবে।
* সুডোকোড খুব সাবধানে লিখতে হবে, যাতে কোনো প্রোগ্রামিংয়ের ভাষার সঙ্গে না মেলে।
* প্রোগ্রামিং লেখার সময় সিনট্যাক্স এরর রাখা যাবে না।
* প্রজন্ম লিখতে হলে প্রজন্মের সাল ও উদাহরণ না চাইলেও লিখতে হবে।
* অযথা প্রশ্নোত্তর দীর্ঘ করা যাবে না, একই ভাবার্থের লেখা বারবার লেখা যাবে না।
* ডিজিটাল লজিক ও সংখ্যাপদ্ধতি এবং প্রোগ্রামিং থেকে আসা প্রশ্নে একটু বাড়তি নজর দিতে হবে। কারণ, এগুলো সঠিক হলে যেমন পূর্ণ নম্বর পাওয়া যাবে, তেমনি ভুল হলে পূর্ণ নম্বর হারাতে হবে।
* পূর্ণ সফলতার জন্য তোমাদের বহুনির্বাচনিতে অবশ্যই ভালো করতে হবে। কেননা, নৈর্ব্যক্তিকে পুরো নম্বর পাওয়া অতি সহজ, যদি তোমার উত্তর সঠিক হয়।
* জ্ঞানমূলক প্রশ্নের উত্তর একটি শব্দে দেওয়া যায়, তবে পূর্ণাঙ্গ বাক্য লিখলে ভালো। অনুধাবনে প্রথমে এক বাক্যে জ্ঞানমূলক অংশটি লিখে তা বিশ্লেষণ করবে পরে পাঁচ-সাত লাইনের এক প্যারায়। খেয়াল রাখতে হবে, যা লিখছ, তা যেন অবশ্যই প্রাসঙ্গিক হয়। প্রয়োগ অংশে এক প্যারায়ই সব কথা থাকতে পারে, তবে এতে জ্ঞান, অনুধাবন ও উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের সমন্বয় ঘটাতে হবে। উচ্চতর দক্ষতা মানেই একটি সিদ্ধান্তের ব্যাপার, এ ক্ষেত্রে শিক্ষার্থীরা জ্ঞান অনুধাবন ও প্রয়োজনীয় অংশ লেখার পর একটি সিদ্ধান্তে উপনীত হবে।
তাই মূল বইয়ের গুরুত্ব অসীম। কেননা, প্রতিটি প্রশ্ন বইয়ের মধ্য থেকেই হয়ে থাকে। তাই ভালো ফলাফলের জন্য মূল বইয়ের বিকল্প নেই। প্রতিটি উত্তরে থাকতে হবে সৃজনশীলতা।
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম