প্রতিদিনের পড়া তিন ভাগে পড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, এটা তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। সমাপনীকে বাড়তি কিছু না ভেবে স্কুলের বার্ষিক পরীক্ষা ভাবো। দেখবে, সব টেনশন দূর হয়ে গেছে।
এখনো হাতে যেটুকু সময় আছে, তা ব্যবহার করে দুর্বলতাগুলো কাটিয়ে ওঠো। এতে পরীক্ষার আগের রাতে বাড়তি পড়ার চাপ থাকবে না। যা পড়বে তা তিন ভাগে ভাগ করে নাও। সন্ধ্যায় টেবিলে বসেই এক ভাগ পড়া শেষ করে নিয়ো। এরপর একটু বিশ্রাম নিয়ে দ্বিতীয় ভাগের পড়া শেষ করে ফেলবে। এবার তৃতীয় ভাগ পড়ার কিছুটা শেষ করে রাত ১০টার মধ্যেই ঘুমাতে যাবে এবং খুব ভোরে ঘুম থেকে উঠে বাকি প্রয়োজনীয় পড়াটুকু রিভিশন করে নিয়ো।
পরীক্ষার আগের রাতে স্বাভাবিক সুষম খাবার খাবে। পরীক্ষার দিন সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য এমনভাবে বাসা থেকে বের হবে, যাতে অন্তত আধা ঘণ্টা আগে পরীক্ষার হলে গিয়ে পৌঁছাতে পারো। তবে বাসা থেকে বের হওয়ার সময় পুনরায় দেখে নিতে হবে পরীক্ষার প্রয়োজনীয় প্রবেশপত্র, কলম ইত্যাদি ঠিকমতো নেওয়া হলো কি না।
মনে রাখবে, প্রতিটি পরীক্ষার মাধ্যমে তুমি মানুষের মতো মানুষ হওয়ার জন্য সামনের দিকে এগোবে। তাই সঠিক প্রস্তুতির মাধ্যমে পরীক্ষায় অংশ নাও। তোমার জন্য শুভ কামনা।
সাবেক অধ্যক্ষ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা