প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলার মাঠের কাজ দ্রুত শুরুর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
ছবি: বাসস

সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম পার্শ্বে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলার মাঠ হিসেবে ব্যবহারের জন্য প্রদত্ত জমিতে মাঠের নির্মাণকাজ দ্রুত শুরুর সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় মাঠ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি জানতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সুপারিশও করা হয়।

কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ কা ম সরওয়ার জাহান, আরমা দত্ত ও শবনম জাহান সভায় অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান সভায় যোগ দেন।

এ সভায় ১৮তম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রকৃত হিজড়া চিহ্নিত করে আইডি কার্ড প্রদান ও হিজড়াদের উপদ্রব প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি ঝুঁকিপূর্ণ সহিংসতার শিকার কিশোরীদের নিরাপদ আবাসনের (সেফ হোম/শেল্টার হোম) অবস্থা স্থায়ী কমিটির সদস্যদের সরেজমিন পরিদর্শনের লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

সভায় শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের গত ১০ বছরের অডিট রিপোর্ট স্থায়ী কমিটির সভায় উপস্থাপন এবং শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের (বাংলাদেশ) বনানীর ইউএই মৈত্রী কমপ্লেক্সের সর্বশেষ অবস্থা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।