প্রথম আলো যোসেফাইট ম্যাথ ম্যানিয়া শুক্রবার
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সহযোগিতায় অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম সেরা গণিত ক্লাব যোসেফাইট ম্যাথ ক্লাব কর্তৃক আয়োজিত ‘প্রথম আলো যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২০’। প্রতিবছরই সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আসছে প্রথম আলো যোসেফাইট ম্যাথ ম্যানিয়া।
নতুনত্ব, বাস্তবিক চিন্তাভাবনা যাঁদের কাজের সঙ্গী, সেই তরুণদের মাধ্যমে গণিতের ভালোবাসা ছড়িয়ে পড়েছে সব শিক্ষার্থীদের মধ্যে। তবে কোভিড-১৯ মহামারির কারণে এই বছর অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণিত উৎসব। এই উৎসবে চারটি ইভেন্ট থাকবে—গণিত অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, গুগল ইট এবং ম্যাথ মিমস।
ভেন্টগুলো থাকবে গণিতকেন্দ্রিক এবং বুদ্ধিভিত্তিক। সব পরীক্ষা অনলাইনে সম্পন্ন হবে।
সকাল ৯টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উৎসব চলবে। ইভেন্টগুলোতে ইতিমধ্যে প্রায় ৩ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে । অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই একটি সার্টিফিকেট পাবে। গণিত অলিম্পিয়াড ইভেন্টে বিজয়ীরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে। গণিতের প্রসারের প্রয়াস ও অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে যোসেফাইট ম্যাথ ক্লাব।