প্রথম দিনে অনুপস্থিত ১৩ হাজার, বহিষ্কার ৬৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে আজ রোববার ১০ বোর্ডের অধীন অনুপস্থিত ছিল ১৩ হাজার ৬৯ জন। এ ছাড়া বহিষ্কৃত হয়েছে ৬৬ জন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানায়, মোট বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ৪২ জন কারিগরি বোর্ডের ও ২১ জন মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী। বাকি তিনজন সাধারণ বোর্ডের। অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করে স্মার্টফোন নিয়ে ট্রেজারি থেকে এইচএসসির প্রশ্নপত্র আনতে যাওয়ায় রাজধানীর দুটি কলেজের তিনজন শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে এই তিন শিক্ষকের এমপিও (মাসিক সরকারি বেতন) স্থগিত করে কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে জন্যও কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযুক্ত তিন শিক্ষক হলেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রশিদ, মহাখালীর টিঅ্যান্ডটি মহিলা কলেজের প্রভাষক নাঈমা নাসরিন ও একই কলেজের প্রভাষক মাহাবুবুর রহমান।

সারা দেশে মোট ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১৫ মে।