রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিভিন্ন কোটাসহ বিশ্ববিদ্যালয়ের অনান্য বিভাগে শূন্য আসন পূরণের জন্য ভর্তির সময়সীমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মুক্তিযোদ্ধার পুত্র-সন্তানদের কোটা, আদিবাসী ও উপজাতি কোটাসহ বিভিন্ন বিভাগে শূন্য আসন পূরণের জন্য ৫০ টাকা জরিমানা দিয়ে আগামী ১৫ মার্চের মধ্যে ভর্তি হওয়া যাবে। তবে ওই কোটা ও বিভাগে ভর্তির জন্য সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরাই কেবল ভর্তি হতে পারবেন। ভর্তির সময় মুক্তিযোদ্ধার পুত্র-সন্তানদের তাঁদের মুক্তিযোদ্ধা পিতা-মাতা অথবা বৈধ অভিভাবকসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধার মূল সনদপত্র ও মুক্তিবার্তা অথবা গেজেট সঙ্গে আনতে হবে। আর আদিবাসী-উপজাতি কোটার প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রসহ আদিবাসী-উপজাতি হিসেবে শনাক্তকরণের প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। অন্যদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং প্রশংসাপত্রসহ যাবতীয় কাগজ সঙ্গে নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd