প্রথম ব্যাচের শিক্ষা সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম ব্যাচের শিক্ষা সমাপনী। তাই যেন প্রথম স্নাতকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা। উদ্যাপিত হচ্ছে র‌্যাগ ডে। গোটা ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছে র‌্যাগ ডের রঙিন আবিরে। এ যে ইতিহাসের অংশ হওয়ারই সুযোগ!

১৮ মে। অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় ছিল সকাল নয়টা। কিন্তু অপেক্ষা সইছিল না। তাই নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছিল। বাঁধভাঙা আনন্দের জোয়ার তখন ক্যাম্পাসজুড়ে।

বেলুন উড়িয়ে শুরু হলো অনুষ্ঠান। এরপর কেক কেটে হইচই। কত স্মৃতি, কত কথা। বহু দিনের জমানো কথায় সবার সাদা টি-শার্টগুলো হয়ে উঠল যেন ক্যানভাস। বন্ধুকে মনে রাখতে একে অপরের গায়ে এঁকে দিচ্ছিলেন স্মৃতিচিহ্ন। স্মৃতিগুলো ধরে রাখতে অনবরত ক্যামেরার ফ্লাশ। সবার মনে-প্রাণে আনন্দ যেমন ছিল, তেমন ছিল জল ছল ছল চোখ।

অনুষ্ঠানের ফাঁকে কথা হয় কয়েকজনের সঙ্গে। তাঁরা জানান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও গণিত এই চারটি বিভাগ নিয়ে ২০০৯ সালের ৫ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রথম ব্যাচে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ২১২ জন। নিজস্ব ক্যাম্পাস না থাকায় অস্থায়ী ক্যাম্পাস হিসেবে রাজাপুর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে ক্লাস হতো।

অস্থায়ী ক্যাম্পাসে অনেক না পাওয়া ছিল। তারই মাঝে পার হয়েছে চারটি বছর। তবুও অনেক প্রাপ্তি ছিল বলে জানালেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহিম হাসান। একই বিভাগের সোনিয়া, এহসান কবির ও জ্যোতি পাল বললেন, ‘এখানেই বীজ বুনেছি সুন্দর জীবনের। ছোট্ট ঘরে হাসি-আনন্দে কাটিয়েছি চারটি বছর। তাই আজ শত আনন্দের মাঝে ছেড়ে যাওয়ার বেদনা উঁকি দিচ্ছে মনে।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সবুজ, বাসন্তী, সাইফুদ্দিন, রুমা ও ফয়সাল বলেন, ‘সীমাবদ্ধতা মেনেই আমরা শিক্ষাজীবন শুরু করেছিলাম। কিন্তু শিক্ষকদের আন্তরিকতা আমাদের সব সীমাবদ্ধতা দূর করেছে। তাই কখনোই বাধাগ্রস্ত হয়নি পথচলা। এ প্রাপ্তি নিয়েই আগামী দিনেও এগিয়ে যাব সম্মুখপানে। নিজেকে গড়ার মধ্য দিয়ে গড়ে তুলব দেশটাকে।’

গণিত বিভাগের ফয়সাল, নাহিদ, মিতা, নিঝুম ও পূরবীর মনে অনেক স্বপ্ন। বিশ্ববিদ্যালয়টি একদিন পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। নতুন প্রজন্ম জ্ঞানের আলোয় আলোকিত হবে। আর তারা যা পেয়েছে তা দিয়ে গড়বে নিজের ভবিষ্যৎ।

কথা বলতে বলতে সকাল গড়িয়ে দুপুর প্রায়। হঠাৎ করেই শুরু হলো রংখেলা। রঙে রঙে রঙিন হয়ে উঠল র‌্যাগ ডে। এরপর মোটর শোভাযাত্রা নিয়ে শিক্ষার্থীরা পাবনা শহর প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে এলেন। ততক্ষণে ক্লান্ত সবাই। তবে থামতে রাজি না কেউ। কিছুক্ষণ বিশ্রামের পর শুরু হলো স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কথা, গান, আবৃত্তি ও নৃত্যের তালে তালে পার হয়ে গেল শিক্ষাজীবনের শেষ দিনটি।