প্রথমবারেই বাজিমাত হলিল্যান্ড কলেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েদিনাজপুর বোর্ডের সেরা বিশে তৃতীয় স্থান দখল করেছে দিনাজপুর শহরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হলিল্যান্ড কলেজ। দুই বছর আগে যাত্রা শুরু করা এই শিক্ষাপ্রতিষ্ঠান দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করল।
গতকাল বুধবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৬ জন শিক্ষার্থী অংশ নেন। এঁদের সবাই উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭২ জন এবং চারজন শিক্ষার্থী এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
গতকাল দুপুরে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কলেজ পরিচালনা পরিষদের সদস্যরা একে অপরকে মিষ্টি খাইয়ে হইচই করছেন সবাই।
জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রী নুসরাত জাহান বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং শিক্ষকদের প্রচেষ্টা যে শিক্ষার্থীদের সাফল্যের চাবিকাঠি হতে পারে, হলিল্যান্ড কলেজ সেটি প্রমাণ করে দেখিয়েছে। ফারহান আনসার আরিফ বলেন, শিক্ষকেরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেওয়ার পাশাপাশি যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল, তাঁদের প্রতি বিশেষ যত্ন নিয়েছেন।
কলেজটির অধ্যক্ষ মাসুদ আহমেদ হায়দার প্রথম আলোকে বলেন, মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই যাত্রা শুরু করেছে হলিল্যান্ড কলেজ। লেখাপড়ার পাশাপাশি, খেলাধুলা, সংস্কৃতিচর্চা, বিতর্কের মতো নানা আয়োজন করে শিক্ষার্থীদের মেধাবিকাশে তাঁরা সফল হয়েছেন। এখানকার শিক্ষার্থীদের জন্য বাইরে শিক্ষকের কাছে পড়া বা কোচিং সেন্টারে কোচিং নিষিদ্ধ। সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত শিক্ষকেরা শিক্ষার্থীদের সময় দেন, যা পড়ালেখায় মনোযোগী হতে শিক্ষার্থীদের উৎসাহিত করেছে বলে তিনি উল্লেখ করেন।
কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো.¯রবিউল ইসলাম বলেন, হলিল্যান্ড কলেজের লক্ষ্য, একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি গড়ে তোলা। তিনি আরও বলেন, এই ফলাফলের পর প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও ধারা ধরে রাখতে উদ্যোক্তারা কাজ করে যাবেন।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শহরের বালুবাড়ী এবং বাস টার্মিনাল মোড়ে কলেজটির দুটি ক্যাম্পাস। বালুবাড়ির ক্যাম্পাসে ১৪টি ক্লাসরুম, হলরুম ও চারটি ল্যাব আছে। অধ্যক্ষ, শিক্ষকদের জন্য আছে আলাদা রুমের ব্যবস্থা। এ ছাড়া মেয়ে শিক্ষার্থীদের জন্য আছে কমন রুম। সব কটিই শীতাতপনিয়ন্ত্রিত।